১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন বঞ্চিত ৮১৭ প্রাথমিক শিক্ষক

Published: September 28, 2026, 8:21 am

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও এখন পর্যন্ত নিয়োগ বঞ্চিত রয়েছেন ৮১৭ জন প্রার্থী। তাদের আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগ থেকে বঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা এই সময়ের মধ্যে নিয়োগ পাবেন না, তাদের বিষয়টি নিয়েও কাজ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এর আগে, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত যেসব প্রার্থী নিয়োগপত্র পাননি, তাদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে রংপুর, সিরাজগঞ্জ, পাবনা ও খুলনায় বেশ কয়েকজন প্রার্থী নিয়োগপত্র পেয়েছেন। খুলনা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানিয়েছিলেন, নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। তিনি সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, সবাই নিয়োগপত্র পেয়ে যাবেন।

উল্লেখ্য, নিয়োগপত্র পাওয়ার দাবিতে রোববার (২৭ সেপ্টেম্বর) দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। দাবি পূরণ না হলে সোমবার সকাল ১০টা থেকে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin