সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিরোধের সন্দেহ পুলিশের

Published: September 27, 2026, 9:35 am

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা হলেন মামুন, আসলাম ও মুন্না। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে এবং তিনি ভাষানটেক বস্তিতে বসবাস করেন। আসলাম টাঙ্গাইলের বাসিন্দা এবং পেশায় অটোরিকশা চালক। এছাড়া মুন্নাও ভাষানটেক বস্তির বাসিন্দা।

রোববার দুপুরে ইসিবি চত্বর এলাকার নিউগিনি হাউজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে পুলিশের কাছে মনে হয়েছে যে, এটি কোনো চাঁদা দাবির ঘটনা নয়, বরং জমি দখল ও বেদখলকে কেন্দ্র করে দু’টি পক্ষের মধ্যে বিবাদের জেরে এই হামলা হতে পারে।

পুলিশ কর্মকর্তা মহিদুল ইসলাম আরও বলেন, হামলাকারীরা দলবদ্ধভাবে রাতে ওই এলাকায় প্রবেশ করেছিল। যেহেতু এটি একটি হাউজিং ব্যবসার এলাকা এবং সেখানে অনেক লোকজন একসাথে এসেছে, তাই জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি জোরালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ এবং বিবাদটি আসলে কাদের মধ্যে, তা তদন্ত শেষ হলেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin