জাসদ কার্যালয় থেকে আটক ২৯ জন ছাড়া বাকিরা মুক্ত

Published: September 27, 2026, 8:45 am

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২২। রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন জানান, আটক ব্যক্তিদের মধ্যে বর্তমানে ২৯ জন পুলিশ হেফাজতে আছেন এবং বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট ২৯ জনের বিষয়ে বর্তমানে যাচাই-বাছাই চলছে এবং প্রক্রিয়া শেষে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকেও এই অভিযানে আটক করা হয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, তাকে আজ ভোরে ছেড়ে দেওয়া হয়েছে।

জাসদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের অনুমতি নিয়েই তাদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। সভার এক পর্যায়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে নেতাদের আটক করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে, অভিযানের বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা জাসদ কার্যালয়ে জড়ো হয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশ আরও জানায়, কার্যালয়ের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছিল। এরপরই পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh