সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর

Published: September 27, 2026, 3:22 am

রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর ও জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এই হামলার ঘটনাটি ঘটে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ১টা ৩৩ মিনিটে শেয়ার করা এক ভিডিও বার্তায় সালমান মুক্তাদির জানান, হামলায় তার পুরো স্টুডিও ধ্বংস হয়ে গেছে। ভিডিওতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, এই স্টুডিওটি বাংলাদেশের আর্টস, কালচার ও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে একটি অনন্য উদ্যোগ ছিল, যা এফডিসিতেও নেই। এখন সেটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো তোষামোদ ছাড়া বা কোনো রাজনৈতিক দলের ব্যাকআপ ছাড়া নিজের চেষ্টায় কিছু করতে গেলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

সালমান মুক্তাদির অভিযোগ করেন যে, এই হামলার পেছনে বিএনপির লোকজন জড়িত। তিনি বলেন, তার স্টুডিওর স্বপ্ন চাঁদাবাজি দিয়ে কেড়ে নেওয়া যাবে না। গণমাধ্যমের কাছে তিনি জানান, পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে তিনি শুনেছেন যে চাঁদা না দেওয়ার কারণে এই হামলা চালানো হয়েছে। তবে তার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো চাঁদা চাওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।

আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানতে চাইলে সালমান বলেন, তিনি বাংলাদেশের আইনে বিশ্বাস রাখেন না। তবে ফরমালিটি হিসেবে একটি মামলা দায়ের করার কথা জানান তিনি।

ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরের ওই অফিসে হামলার ঘটনাটি ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছোরাসহ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin