নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

Published: September 26, 2026, 7:31 am

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যারবাজার এলাকায় আল-মোস্তফা কোম্পানির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মরদেহগুলো দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশের সদস্যরা তা উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন সজিব, সামিয়া ও শিশু সামিন। তবে তাদের বাবা হেলাল উদ্দিন এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রামের বাসিন্দারা সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে রওনা হয়েছিলেন। ট্রলারটিতে গরু-ছাগলসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। বৈদ্যারবাজারের কাছাকাছি মেঘনা নদীর মাঝপথে পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।

ট্রলারডুবির পরপরই স্থানীয়দের সহায়তায় আটজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় এবং রাশিদা নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে একই পরিবারের হেলাল উদ্দিন, সজিব, সামিয়া ও শিশু সামিন নিখোঁজ ছিলেন। দুই দিন ধরে উদ্ধার অভিযান চালানোর পর শনিবার সকালে তিনজনের মরদেহ উদ্ধার করা হলো। ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে এবং বাকি একজনকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh