ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে দুই চাচাতো ভাই। তারা হলেন জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) এবং একই বাড়ির কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।





