জাতিসংঘের সংস্কার ও প্রাসঙ্গিকতা নিয়ে যা বললেন ড. খলিলুর রহমান

Published: September 25, 2026, 9:38 am

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘ নিখুঁত কোনো প্রতিষ্ঠান নয়, তবে বর্তমান বিশ্বে এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প অকল্পনীয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, জাতিসংঘ কোথায় পিছিয়ে পড়ছে তা স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। যে বিষয়গুলো আর কার্যকর নেই, সেগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, ‘আস্থা চাওয়া যায় না, এটি অর্জন করতে হয়।’

ড. খলিলুর রহমান সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও বেশি কণ্ঠস্বর যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিল্পখাতের নেতা থেকে শুরু করে তরুণ পরিবর্তনকারীদের মতো সংশ্লিষ্ট অংশীজনদের আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে।

সভাপতি আশা প্রকাশ করেন যে, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতা মোকাবিলায় যথেষ্ট বাস্তববাদী, সংস্কারের জন্য যথেষ্ট সাহসী এবং প্রয়োজনীয় অংশীজনদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট উন্মুক্ত। এভাবেই জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh