নাটোরে শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে পুলিশ কনস্টেবল ও স্ত্রী গ্রেপ্তার

Published: September 25, 2026, 9:19 am

নাটোরে সাত বছরের এক শিশুর ডান হাতের শাহাদাত আঙুলের একাংশ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে পুলিশের এক কনস্টেবল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের একটি এলাকায় এ ঘটনা ঘটে। রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে শুক্রবার সকালে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়।

নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহবুর রহমান জানান, শিশুটিকে ডান হাতের আঙুলের কিছু অংশ বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কনস্টেবল নাটোর সদরে কর্মরত এবং তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ভুক্তভোগী শিশুর বাবার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগ, গত বুধবার রাতে ওই বাড়িতে পারিবারিকভাবে পিকনিকের আয়োজন করা হয়। সেখানে কনস্টেবলের চার বছর বয়সী মেয়ের সঙ্গে তাঁর ছেলের ধাক্কাধাক্কি হয়। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হলেও বৃহস্পতিবার দায়িত্ব পালন শেষে কনস্টেবল শিশুটিকে জোর করে তাঁর বাসায় নিয়ে যান। কিছুক্ষণ পরই শিশুটি তার বিচ্ছিন্ন আঙুল নিয়ে কান্না করতে করতে নিজের বাসায় ফিরে আসে। শিশুটি তার মাকে জানায়, খাটের পায়ার ওপর হাত রেখে তরকারি কাটার হাঁসুয়া দিয়ে তার আঙুল কেটে দেওয়া হয়েছে।

শিশুটির বাবা বলেন, একই বাড়িতে থাকার সুবাদে পুলিশ সদস্যের মেয়ের সঙ্গে তার ছেলের চলাফেরা ছিল। পিকনিকের অনুষ্ঠানে হওয়া সাধারণ ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে তাঁর ছেলেকে ঘরে আটকে এমন নির্মম অঙ্গহানি করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ঘটনার পর অভিযুক্ত পুলিশ কনস্টেবল উল্টো পুলিশ সুপারের কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ করেন যে ওই শিশু তাঁর মেয়েকে যৌন নিপীড়ন করেছে। পরে তারা মেয়েকে নিয়ে বাসা ছেড়ে চলে যান। খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে তালাবদ্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে মেঝে ও খাটের পাটাতনে রক্তের দাগ এবং বিচ্ছিন্ন আঙুলের একটি অংশ উদ্ধার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুক্রবার সকালে জানান, মেয়েশিশুটির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি, শুধু মৌখিকভাবে নিপীড়নের অভিযোগ তোলা হয়েছিল। তবে পুলিশ শিশুদের কর্মকাণ্ড নিয়ে বড়দের এমন প্রতিক্রিয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo