বাংলাদেশে কার্যালয় খুলতে মেটাকে শামা ওবায়েদের আমন্ত্রণ

Published: September 24, 2026, 4:53 am

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমটির একটি কার্যালয় খোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানা গেছে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন। মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে দেশের ব্যবসা-বাণিজ্য, তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং বিকাশমান ই-কমার্স খাতকে আরও এগিয়ে নিতে সহায়তা করতে পারে, তা নিয়ে উভয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

শামা ওবায়েদ অনলাইনে হয়রানি ও ডিজিটাল নির্যাতন প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসব অপরাধ মোকাবিলায় মেটাকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়ে জোয়েল কাপলানের সঙ্গে তার আলোচনা হয়।

গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin