সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় দেশে সংকট: শফিকুর রহমান

Published: September 23, 2026, 11:04 am

সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ না করার কারণে দেশে একটি সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার রাজধানীর মগবাজারে অবস্থিত আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই দেশে সংকট শুরু হয়েছে। বিরোধী দলের দুজন শপথ নিলেও সরকার নিয়েছে একজনের শপথ। তাদের এই অপনীতির কারণেই মূলত দেশ সংকটের মুখে পড়েছে। তিনি আরও বলেন, জামায়াত নিজেদের কোনো স্বার্থে নয়, বরং সংসদকে জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে পরিণত করতেই কাজ করতে চায়। তবে নির্বাচনের আগে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পর তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। একইসঙ্গে বিরোধী দল দেশের চলমান সমস্যা ও জনভোগান্তি নিয়ে সংসদে আলোচনা করতে চাইলেও সরকারি দল তাতে অনুমোদন দেয় না বলে তিনি অভিযোগ করেন।

জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়েও কড়া সমালোচনা করেছেন জামায়াত আমির। প্রতিবেশী দেশের সঙ্গে দামের তুলনা করে সরকার জ্বালানির দাম বাড়ালেও তিনি মনে করেন, বাংলাদেশের অর্থনীতি পার্শ্ববর্তী দেশগুলোর অর্থনীতির সমান নয়। শফিকুর রহমান জানান, জ্বালানি সংকটের বিরূপ প্রভাবে গার্মেন্টস খাতে উৎপাদন ৫০ শতাংশ কমে গেছে, যার ফলে ৫০ শতাংশ ক্রেতা অর্ডার বাতিল করেছেন। এই কর্মী ছাঁটাইয়ের প্রভাব শুধু ইন্ডাস্ট্রিতে নয়, সবার ওপর পড়বে বলে তিনি সতর্ক করেন।

বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিদেশিদের বিনিয়োগ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বেকারত্ব বাড়ছে। তিনি বলেন, দেশে সমস্যা কমছে না, বরং একের পর এক সমস্যা বেড়েই চলেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy