অপ্রতিমের মা: আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে

Published: September 23, 2026, 8:31 am

১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন নেতিবাচক প্রচারণার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা তার বাসায় সমবেদনা জানাতে গেলে তিনি এ ক্ষোভের কথা জানান।

নাহিদা বেগম বলেন, তিনি তার ছেলের জন্য শুধু বিচার চান না, বরং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা জেল থেকে ছাড়া পেলে ভবিষ্যতে আর কত শিশুর জীবন ধ্বংস করবে, তা নিয়েও চিন্তিত। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। অপ্রতিমকে নিয়ে বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিকটিম ব্লেমিং বা তাকে দোষী সাব্যস্ত করার প্রচারণার বিষয়ে প্রশ্ন তুলে নাহিদা বেগম বলেন, তার সন্তান একজন শিশু, যে বিষয়গুলো বোঝে না। তাকে মিষ্টি কথায় বন্ধু বানিয়ে, নিজের দলের সদস্য হিসেবে উপস্থাপন করে পরে তার মৃত্যুর জন্য তাকেই দায়ী করা হচ্ছে—এটি তিনি কোনোভাবেই মেনে নেবেন না।

নাহিদা বেগম আরও জানান, ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। যদি সেই ক্ষোভ থেকে তার ছেলেকে টার্গেট করা হয়ে থাকে, তবে সেটি তিনি মেনে নেবেন না। অপ্রতিমের পরিবারের সঙ্গে দেখা করার পর কুমিল্লা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কাইমুল হক জানান, একটি মহল অপ্রতিম উচ্ছৃঙ্খল ছিল বলে যে তথ্য ছড়াচ্ছে, তাতে শোকাহত মা আরও মানসিকভাবে কষ্ট পাচ্ছেন।

এদিকে, অপ্রতিম হত্যা মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ঘটনার নির্মমতার বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক দায়বদ্ধতা থেকে আইনজীবীদের মধ্যে এই নীতিগত অবস্থান তৈরি হয়েছে। তবে আসামিদের আইনগত অধিকার নিশ্চিত করতে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগের ব্যবস্থা থাকবে, যাতে একতরফা বিচারে ন্যায়বিচার ব্যাহত না হয়। সভায় উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo