সারাদেশে ডিজেলের মূল্যবৃদ্ধি এবং সার্বিক পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মঙ্গলবার জারি করা হয়, যা বুধবার প্রকাশিত হয়েছে। নতুন এই ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইসাথে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।
ভাড়া পুনর্নির্ধারণ করা হলেও ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা আগের মতোই বহাল রাখা হয়েছে। তবে নতুন এই ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে কার্যকর হবে না। এছাড়া প্রতিটি বাস ও মিনিবাসের ভেতরে যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা মালিকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যদি কোনো বাস বা মিনিবাস আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে পুনর্বিন্যাস করে, তবে সেই ক্ষেত্রে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এর জন্য রুট পারমিট প্রদানকারী কর্তৃপক্ষ বা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে পূর্বানুমোদন নিতে হবে।
উল্লেখ্য যে, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে সরকার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে। এর ফলে ডিজেল ও কেরোসিনের দাম ১৩৫ টাকা, অকটেনের দাম ১৬০ টাকা এবং পেট্রোলের দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। পরিবহন মালিকদের সাথে বৈঠকের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এই ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন।





