বলিউড অভিনেত্রী মেধা শঙ্কর এবং কৌতুকশিল্পী সময় রায়নার প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে আগামী ডিসেম্বরেই বিয়ে করতে যাচ্ছেন এই তারকা জুটি। পোস্টদাতা নিজেকে সময়ের পরিবারের ঘনিষ্ঠ বলেও দাবি করেছিলেন। তবে এই গুঞ্জন নিয়ে সময় ও মেধা দুজনেই মজার প্রতিক্রিয়া জানিয়েছেন।
গত রোববার সময় রায়না তার ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের গুঞ্জন সম্বলিত একটি পোস্ট শেয়ার করেন। সেখানে লেখা ছিল, 'সময় রায়না ডিসেম্বর মাসে মেধা শঙ্করকে বিয়ে করতে যাচ্ছেন।' এই পোস্টের ক্যাপশনে সময় লেখেন, 'ডিসেম্বরে তো আমার ভারত সফর আছে। দুঃখিত মেধা শঙ্কর, বিয়ে পিছিয়ে দিতে হবে।'
সময়ের এই স্টোরিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন মেধা শঙ্কর। তিনি এর সাথে একটি হাসির ইমোজি যুক্ত করেন এবং পরবর্তীতে একটি মিম শেয়ার করে লেখেন, 'ভিত্তিহীন বিয়ের গুঞ্জনগুলো পাশ কাটিয়ে যাওয়ার সময় আমি।' যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিয়ের দাবির বিষয়ে তারা সরাসরি কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেননি।
এর আগে চলতি বছরের শুরুতে সময় রায়নার অনুষ্ঠান 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর দ্বিতীয় মৌসুমে মেধার অংশগ্রহণের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। সেই অনুষ্ঠানে সময় মেধাকে তার 'সবচেয়ে ভালো বন্ধু' হিসেবে উল্লেখ করেছিলেন। এছাড়া সম্প্রতি তাদের সুইজারল্যান্ডে একসঙ্গে ঘুরতে যাওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল, যা ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি করে। তবে এই ভ্রমণ বা সম্পর্কের বিষয়েও তারা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।





