গোপন বৈঠকে আ.লীগ নেতাকর্মী, যুবদলের হাতে আটক ২০-২২ জন

Published: November 25, 2026, 1:52 pm

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে ২০ থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন এবং তার অনুসারীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজ ও ঘটনাস্থলের তথ্য অনুযায়ী, বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ থেকে আসা কয়েকজন এবং রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বনানী থানা শ্রমিক লীগের সভাপতিসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মী একটি ভবনে গোপন বৈঠকে মিলিত হন। সকাল থেকেই এমন তথ্যের ভিত্তিতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বিষয়টি প্রশাসনকে আগেভাগেই অবহিত করেন এবং বিকেলে নেতাকর্মীদের নিয়ে ভবনটি ঘেরাও করেন।

অভিযানের সময় ভবনের পেছনের জানালা কেটে মই ব্যবহার করে এবং দোতলা থেকে লাফিয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও নারী নেত্রীসহ অন্তত ২০ থেকে ২২ জনকে আটকে রাখতে সক্ষম হন যুবদল কর্মীরা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটককৃতদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন, মানিব্যাগ ও পাসপোর্টও পুলিশের কাছে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন জানান, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই গোপন বৈঠকে বসেছিলেন। তিনি আরও দাবি করেন, ভবনটির ভেতরে কিছু বিস্ফোরক দ্রব্য ও অবৈধ সামগ্রী পাওয়া গেছে, যা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যুবদলের এই নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঢাকা মহানগরের ভেতরে যেখানেই নিষিদ্ধ আওয়ামী লীগ গোপন বৈঠক বা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে।

পুলিশ জানিয়েছে, গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh