শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো

Published: November 25, 2026, 1:03 pm

বাংলাদেশের টেক্সটাইল খাতকে শক্তিশালী করতে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক ডেনিম কারখানা স্থাপন করতে যাচ্ছে তুরস্কের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। নিজস্ব ডেনিম বিভাগ ‘ইসকো’ এবং বাংলাদেশের ডিবিএল গ্রুপের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এতে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সানকো হোল্ডিং। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইনভেস্ট বাংলাদেশ এসব তথ্যে নিশ্চিত করেছে।

প্রস্তাবিত এই রপ্তানিমুখী পোশাক কারখানাটিতে একটি সমন্বিত (ইন্টিগ্রেটেড) স্পিনিং ইউনিট রাখা হবে। কারখানাটি চালু হলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। আগামী ২০২৮ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার সম্ভাব্য মাসিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় ১০ মিলিয়ন মিটার।

বিনিয়োগের প্রস্তাবটি এগিয়ে নেওয়ার অংশ হিসেবে সানকো হোল্ডিংয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিনিয়োগ পুনর্ব্যক্ত করে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সানকোর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু ও পর্ষদ সদস্য হাকান কোনুকোগ্লু। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সানকোর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস।

কারখানা স্থাপনের ক্ষেত্রে স্থানীয় যৌথ উদ্যোগী অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। এ সময় ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচিও উপস্থিত ছিলেন।

ইনভেস্ট বাংলাদেশ জানায়, সংস্থাটির ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনে ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে অন্তর্ভুক্ত রয়েছে সানকো হোল্ডিং। নিরবচ্ছিন্ন যোগাযোগ, ধারাবাহিক ফলো-আপ এবং সক্রিয় সহায়তার মাধ্যমে সানকোর প্রাথমিক আগ্রহকে চূড়ান্ত বিনিয়োগ-প্রতিশ্রুতির পর্যায়ে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইনভেস্ট বাংলাদেশ। প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহায়তা বজায় রাখার কথা জানিয়েছে তারা। নতুন এই উদ্যোগ বাংলাদেশের টেক্সটাইলের পশ্চাৎ-সংযোগ (ব্যাকওয়ার্ড লিংকেজ) শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে অবদান রাখবে।

পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিংয়ের বস্ত্র ব্যবসার ইতিহাস শুরু হয় ১৯০৪ সালে। বর্তমানে প্রতিষ্ঠানটি বস্ত্র ছাড়াও নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতে ব্যবসা পরিচালনা করছে। সানকোর ডেনিম শাখা ‘ইসকো’ বিশ্বজুড়ে অন্যতম প্রধান ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিশ্বের ৬০টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনা করা এই সংস্থার বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৫ থেকে ৩০ কোটি মিটার। এছাড়া তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্রটি পরিচালনা করে সানকো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin