জুলাই আন্দোলন দমনে অর্থের জোগান ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতির রিমান্ড শুনানির তারিখ পিছিয়েছে আদালত। শুনানি স্থগিত রেখে আগামী ৩০ নভেম্বর আসামির উপস্থিতিতে নতুন দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্বনির্ধারিত দিন অনুযায়ী বুধবার (২৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি হওয়ার কথা ছিল। তবে এদিন কারাগার থেকে জ্যোতিকে আদালতে হাজির না করায় বিচারক তার উপস্থিতিতে শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেন। এর আগে গত ২১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
ডিবি পুলিশের রিমান্ড আবেদনে আসামিকে জিজ্ঞাসাবাদের পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে—পলাতক অন্যান্য আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা, হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও আলামত উদ্ধার, অর্থায়নের নেটওয়ার্ক তদন্ত এবং ঘটনার সঙ্গে জ্যোতির সরাসরি সংশ্লিষ্টতা যাচাই করা।
গত ১৮ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৯ নভেম্বর তাকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুসারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভাটারা থানার সামনের পাকা সড়কে ছাত্র-জনতা এক দফা দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় আসামিরা দেশি ও অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালান। এ ঘটনায় মামলার বাদী এনামুল হক ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরবর্তীকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন।
পরবর্তীকালে এনামুল হক বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। ওই এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মামলায় জ্যোতি ছাড়াও আরও ১৬ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে, যাদের বিরুদ্ধে আন্দোলন দমনে বিপুল অর্থ জোগানের অভিযোগ আনা হয়েছে।





