সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন তিন উপসচিব

Published: November 25, 2026, 7:26 am

বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করেছে সরকার। গত ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন উপসচিব মো. তোফায়েল হোসেন (পরিচিতি নম্বর ১৬২৯৪), উপসচিব কাজী আরিফুর রহমান (পরিচিতি নম্বর ১৬৯০৫) এবং উপসচিব মোছা. ফুয়ারা খাতুন (পরিচিতি নম্বর ১৬৯২০)। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী তাদের মোবাইল কোর্ট পরিচালনার আইনি ক্ষমতা দেওয়া হয়েছে।

কর্মকর্তাদের কাজের পরিধি নির্ধারণ করে দিয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপসচিব মো. তোফায়েল হোসেন দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন। অন্যদিকে, উপসচিব কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এবং সড়ক পরিবহন আইন ২০১৮-এর নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেয়েছেন।

সচিবালয়ে কর্মরত থাকাকালীন এই কর্মকর্তারা মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে; যেমন, মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করতে হবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার বিবরণ নির্ধারিত ছকে প্রতি মাসের শেষ কর্মদিবসে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin