হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস

Published: November 25, 2026, 3:08 am

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল হাওয়ার দাপটে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, বুধবার সকাল ৬টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা থাকলেও দিনের বেলায় সূর্য উঠছে। তবে হিমেল বাতাসের কারণে সকালের দিকেও শীতের অনুভূতি বেশ প্রবল থাকছে, যা বিশেষ করে দিনমজুর ও কর্মজীবী মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পরপরই শীতের প্রকোপ বাড়তে শুরু করে। হাড়িভাসা এলাকার বাসিন্দা রাজিব হোসেন জানান, রাতভর হিমেল হাওয়া বয়ে যাওয়ায় ভোর ও সকালের দিকে বেশি ঠান্ডা অনুভূত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে কিছুটা স্বস্তি মিললেও বাতাসের কারণে ঠান্ডার তীব্রতা পুরোপুরি কমছে না। আরিফ ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন, সকালে রোদ উঠলে কিছুটা আরাম পাওয়া গেলেও সন্ধ্যা নামলেই শীতের আমেজ আবার জেঁকে বসে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin