স্তন ক্যানসার জয়: শেষ কেমোথেরাপি সম্পন্ন করলেন অভিনেত্রী উমা শঙ্করী

Published: November 24, 2026, 3:04 am

স্তন ক্যানসারে আক্রান্ত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী উমা শঙ্করী অবশেষে তাঁর চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছেন। দীর্ঘ কয়েক মাস ধরে কেমোথেরাপি ও ইমিউনোথেরাপির মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর, তিনি তাঁর শেষ কেমোথেরাপি সেশনটি সম্পন্ন করেছেন। ২০ নভেম্বর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি শেয়ার করে এই খবর জানান অভিনেত্রী। সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কেমোথেরাপি কঠিন ছিল, তবে আমি আরও কঠিন। শেষ ইনফিউশন, জীবনের পরবর্তী অধ্যায়ের দিকে প্রথম পদক্ষেপ।’

চলতি বছরের জুন মাসের শেষ দিকে উমা তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন। তিনি জানান যে, তাঁর স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়েছে। ২৩ জুন দেওয়া একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছিলেন, এই খবর পাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ‘কেন আমার সঙ্গে এমন হলো?’ বা ‘এরপর কী হবে?’—এমন অসংখ্য প্রশ্ন তাঁকে বিচলিত করেছিল। প্রিয়জনদের কষ্ট তাঁকে আরও বেশি ভারাক্রান্ত করে তুললেও, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের অকুন্ঠ সমর্থনে শেষ পর্যন্ত তিনি ভাগ্যের কাছে হার না মানার সিদ্ধান্ত নেন।

চিকিৎসার বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন উমা। জুলাই মাসে দ্বিতীয় দফার কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি চলার সময় তিনি লিখেছিলেন, প্রতিটি দিন ধরে এগোচ্ছেন এবং কঠিন দিনগুলো সামলাতে শিখছেন। আগস্ট মাসে চিকিৎসার একঘেয়েমি ও শারীরিক চাপের মধ্যেও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে দেখা গেছে তাঁকে। এই কঠিন সময়ে স্বামী এইচ দুশ্যন্ত এবং নিজের ছেলেকে তিনি সাহসের মূল উৎস হিসেবে উল্লেখ করেছেন।

উমা শঙ্করী তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড়—এই চারটি চলচ্চিত্রশিল্পেই কাজ করেছেন। ২০০০ সালে ‘বীরানাডাই’ ছবির মাধ্যমে তাঁর অভিনয়ে অভিষেক হয়। ২০০২ সালে দিলীপ অভিনীত মালয়ালম ছবি ‘কুবেরন’-এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। এছাড়া ‘চোক্কা থাঙ্গাম’, ‘বসন্তমালিকা’, ‘সাফল্যম’ ও ‘ঈ স্নেহতীরথু’-এর মতো ছবিতেও তাঁকে দেখা গেছে। ২০০৬ সালে সফটওয়্যার প্রকৌশলী এইচ দুশ্যন্তকে বিয়ের পর অভিনয় থেকে কিছুটা বিরতি নিলেও, সম্প্রতি ২০২২ সালে অজিত কুমার অভিনীত ‘ভালিমাই’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। উমার পরিবারও চলচ্চিত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত; তিনি পরিচালক ডি রাজেন্দ্র বাবু ও অভিনেত্রী সুমিত্রার মেয়ে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo