দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ দিল রূপপুর

Published: November 23, 2026, 5:46 am

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে এই কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন।

প্রকল্প পরিচালক জানান, এই পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এই সময়ের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো এই সংযোগ কার্যক্রম শুরু হলো।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট দুটি ইউনিট রয়েছে এবং প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহার এখন বাস্তবতার আরও কাছাকাছি পৌঁছেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh