প্রকৃতিতে এমন কিছু সামুদ্রিক প্রাণী রয়েছে, যারা প্রচণ্ড ঠান্ডায় পুরোপুরি জমে গেলেও মারা যায় না। সাধারণত অধিকাংশ প্রাণীর শরীরের ভেতর বরফ জমলে কোষগুলো ধ্বংস হয়ে যায় এবং পানির লবণের ভারসাম্য নষ্ট হয়, যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তবে বিজ্ঞানের ভাষায় ‘ফ্রিজ টলারেন্স’ নামক বিশেষ ক্ষমতার অধিকারী কিছু প্রাণী এই প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে।
আলাস্কার সমুদ্র উপকূলে পাথরের গায়ে লেগে থাকা অ্যাকর্ন বার্নাকল তেমনই একটি প্রাণী। ২০০৪ সালে ইউনিভার্সিটি অব আলাস্কার গবেষক হেদার ক্রিস্টিন প্যাটারসনের গবেষণায় দেখা যায়, ক্যাচেমাক বে এলাকার এই বার্নাকলগুলো মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বারবার জমে যাওয়ার পরও টিকে থাকতে পারে। শক্ত খোলস এদের সুরক্ষা দিলেও, ঠিক কোন কৌশলে এরা শরীরের ভেতরের বরফ জমা আটকায়, তা এখনো বিজ্ঞানীদের কাছে পুরোপুরি স্পষ্ট নয়।
বে মাসল নামের এক ধরনের ঝিনুকও একই ধরনের ক্ষমতা দেখায়। ২০২৩ সালে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার গবেষকদের মতে, এদের শরীরের কোষের ভেতরে বরফ না জমে কোষের মাঝখানের ফাঁকা জায়গায় বরফ জমে। ফলে কোষ নষ্ট হওয়ার ঝুঁকি কমে যায়। মজার ব্যাপার হলো, দীর্ঘ সময় একটানা জমে থাকার চেয়ে বারবার অল্প সময় জমে থাকা এদের জন্য কম ক্ষতিকর, কারণ জমে যাওয়ার মাঝখানের বিরতিগুলো এদের শরীর পুনরুদ্ধারের সুযোগ দেয়।
অ্যান্টার্কটিক আইসফিশ দক্ষিণ মহাসাগরের মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকতে ‘অ্যান্টিফ্রিজ গ্লাইকোপ্রোটিন’ ব্যবহার করে। ২০১৪ সালে পল জিকো, ক্রিস্টিনা চেং ও আর্থার ডিভ্রিস খুঁজে পান যে, এই প্রোটিন বরফ কণাকে বড় হতে কিংবা গলতে বাধা দেয়। এছাড়া এদের রক্তে হিমোগ্লোবিন না থাকায় তা পানির মতো স্বচ্ছ এবং অক্সিজেন সরাসরি প্লাজমার মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে।
আলাস্কা থেকে প্যাসিফিক নর্থওয়েস্ট অঞ্চলের সিটকা পেরিভিঙ্কল শামুকগুলো মাইনাস ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকতে পারে। ২০১৫ সালের গবেষণা অনুযায়ী, শীতকালে এদের শরীরের রাসায়নিক গঠনের বিশেষ পরিবর্তনই এই চরম ঠান্ডায় বেঁচে থাকার মূল কারণ। অন্যদিকে, শিকারি শামুক ফাইল ডগউইঙ্কল শীতকালে খাওয়ার অভ্যাস বদলে ফেলে এবং টরিন ও গ্লাইসিনের মতো অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে পাথরের নিচে আশ্রয় নেয়।
সামুদ্রিক টারডিগ্রেড বা ‘ওয়াটার বিয়ার’ প্রজাতির ‘হ্যালোবায়োটাস ক্রিসপাই’ আবার ভিন্ন কৌশল অবলম্বন করে। ২০০৯ সালের গবেষণায় দেখা যায়, এদের ‘সিউডো সিমপ্লেক্স ১’ নামক সুপ্ত অবস্থায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও টিকে থাকা সম্ভব। তবে সাধারণ জীবনচক্রে এরা এত কম তাপমাত্রা সহ্য করতে পারে না।





