ভাবুন তো এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কথা, যেখানে পরীক্ষার কোনো চাপ নেই, ভালো নম্বর পাওয়ার প্রতিযোগিতা কিংবা ফেল করার কোনো ভয় নেই। সেখানে নিজের পছন্দের বিষয় পড়াশোনা করার পাশাপাশি সহপাঠীদের সঙ্গে একই আবাসিকে থাকা, গান গাওয়া, খেলাধুলা করা এবং দল বেঁধে নানা সমস্যার সমাধান বা নতুন কিছু তৈরির সুযোগ থাকে—অথচ পড়ালেখা শেষে মিলবে না কোনো ডিগ্রি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ডেনমার্কে প্রায় ২০০ বছর ধরে চালু রয়েছে ‘ফোক হাই স্কুল’ নামের এই বিশেষ ধারার আবাসিক শিক্ষা। ডেনিশ ভাষায় যাকে বলা হয় ‘হায়েস্কুলে’।
মূলত প্রাপ্তবয়স্কদের জন্য গড়ে ওঠা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষ্য শুধুই পেশাগত দক্ষতা বৃদ্ধি করা নয়; বরং নিজের সুপ্ত আগ্রহ খুঁজে বের করা, নতুন দক্ষতা অর্জন এবং সহপাঠীদের সঙ্গে মিলেমিশে বসবাসের অভিজ্ঞতা তৈরি করা। ডেনমার্কে বর্তমানে এ ধরনের প্রায় ৭০টি ফোক হাই স্কুল রয়েছে, যেখানে ২৫০টিরও বেশি বিষয়ে পাঠদানের সুযোগ রয়েছে। এসব স্কুলে ভর্তির জন্য সাধারণত কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। প্রচলিত স্কুল-কলেজের মতো বাঁধাধরা পাঠ্যক্রম, জিপিএ বা চূড়ান্ত পরীক্ষা না থাকায় প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব শিক্ষাদর্শ অনুযায়ী বিষয়বস্তু ও পাঠদান পদ্ধতি নির্ধারণ করে।
শিক্ষার্থীরা চাইলে সংগীত, সাহিত্য, দর্শন, খেলাধুলা, ফটোগ্রাফি, চলচ্চিত্র, রাজনীতি ও পরিবেশবিষয়ক বিষয় বেছে নিতে পারেন। আবার বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, নকশা, থিয়েটার কিংবা নৃত্যের মতো ক্ষেত্রেও শেখার সুযোগ রয়েছে, যেখানে একাধিক বিষয় একসঙ্গে নির্বাচন করার সুবিধা রয়েছে। কোর্সের মেয়াদেও রয়েছে বৈচিত্র্য; স্বল্পমেয়াদি কোর্স কয়েক দিনের হতে পারে, আর দীর্ঘমেয়াদি কোর্স সাধারণত কয়েক মাস স্থায়ী হয়। চার সপ্তাহের বেশি মেয়াদি কোর্স সম্পন্ন করলে অংশগ্রহণের একটি সনদ দেওয়া হলেও এটি কোনো একাডেমিক ডিগ্রির সমতুল্য নয়।
ফোক হাই স্কুলের মূল আকর্ষণের অন্যতম হলো এর সমন্বিত আবাসিক জীবন। শিক্ষার্থীরা একই ভবনে থাকেন, একসাথে খাবার খান, পড়াশোনা করেন এবং অবসর কাটান। ফলে তাদের শিখন প্রক্রিয়া শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ থাকে না। অনেক প্রতিষ্ঠানে দিনের শুরু হয় সবাই মিলে গান গাওয়ার মাধ্যমে। দৈনন্দিন রান্নাবান্না ও পরিচ্ছন্নতার কাজেও শিক্ষার্থীরা সরাসরি অংশ নেন। দলগত আলোচনা ও দায়িত্ব ভাগ করে নেওয়ার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার চর্চা নিশ্চিত করা হয়, যেখানে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্কও বেশ খোলামেলা।
এই বিকল্প শিক্ষাধারার ইতিহাস বেশ দীর্ঘ। ১৮৩০-এর দশকে ডেনমার্কের খ্যাতনামা দার্শনিক, লেখক ও শিক্ষাচিন্তাবিদ নিকোলাই ফ্রেডেরিক সেভেরিন গ্রন্ডটিগ প্রথম এই ফোক হাই স্কুলের রূপরেখা তুলে ধরেন। গ্রন্ডটিগ বিশ্বাস করতেন, শিক্ষা কেবল উচ্চবিত্ত বা উচ্চশিক্ষার সুযোগ পাওয়া মানুষদের জন্যই নয়, সাধারণ মানুষেরও ইতিহাস, সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার অধিকার আছে। তাঁর মতে, শিক্ষার উদ্দেশ্য শুধু ‘চাকরিজীবী’ তৈরি করা নয়, বরং সচেতন নাগরিক গড়ে তোলা।
গ্রন্ডটিগের চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে ১৮৪৪ সালে ডেনিশ শিক্ষাবিদ ক্রিস্টিয়ান ফ্লোরের গুরুত্বপূর্ণ ভূমিকায় শ্লেসভিগ অঞ্চলের রোডিংয়ে প্রথম ফোক হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৮৫১ সালে আরেক শিক্ষাবিদ ক্রিস্টেন কোল্ড নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা আবাসিক শিক্ষার এই ধারাকে জনপ্রিয় করতে বড় ভূমিকা রাখে। পরবর্তীতে ১৮৬৪ সালের যুদ্ধে ডেনমার্ক পরাজিত হওয়ার পর জাতীয় পরিচয় পুনর্গঠন, সংস্কৃতি চর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ফোক হাই স্কুল আন্দোলন ডেনমার্কজুড়ে ব্যাপক পরিচিতি পায়।
সাধারণ ফোক হাই স্কুলে ভর্তির জন্য ন্যূনতম বয়স হতে হয় সাড়ে ১৭ বছর, তবে বয়সের কোনো সর্বোচ্চ সীমা নেই। দীর্ঘমেয়াদি কোর্সগুলোতে সাধারণত ২০ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের অংশগ্রহণ বেশি দেখা যায়, যারা সাধারণত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে বা মূল পড়াশোনা থেকে বিরতি নিয়ে এখানে আসেন। অন্যদিকে স্বল্পমেয়াদি কোর্সগুলোতে বয়স্ক বা প্রবীণদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। প্রতিষ্ঠানের ধরনভেদে কেন্দ্রবিন্দু ভিন্ন হতে পারে—কোনোটি শিল্পকলা বা সংগীত, কোনোটি খেলাধুলা, আবার কোনোটি ধর্মীয় শিক্ষার ওপর বিশেষ জোর দেয়।
ফোক হাই স্কুলের কোর্স কোনো বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা ক্রেডিটের সমতুল্য নয় এবং এখানে পড়ার কারণে সরাসরি উচ্চশিক্ষায় ভর্তির যোগ্যতা অর্জিত হয় না। তবে ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ‘কোটা ২’ পদ্ধতিতে প্রচলিত শিক্ষাগত ফলাফলের পাশাপাশি অভিজ্ঞতা ও ব্যবহারিক দক্ষতাকে মূল্যায়ন করা হয়। সে ক্ষেত্রে ফোক হাই স্কুলে কাটানো সময় ও অভিজ্ঞতা ভর্তি প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে, যদিও তা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় ও কোর্সের নিয়মের ওপর নির্ভর করে। প্রযুক্তির এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে কেবল মার্কশিটের নম্বরের বাইরে নতুন দৃষ্টিভঙ্গি বোঝা ও নিজের মেধা আবিষ্কারের এই শিক্ষা স্বতন্ত্র গুরুত্ব বহন করছে।





