ইশারাতেই জীবনসঙ্গী খুঁজে পেলেন নীলফামারী ও সাভারের দুই বাকপ্রতিবন্ধী

Published: November 21, 2026, 12:18 pm

কথার শব্দ কিংবা মুখের ভাষা ছাড়াই গড়ে উঠেছে হৃদয় ও অনুভূতির এক গভীর মেলবন্ধন। জন্ম থেকেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ার শারীরিক সীমাবদ্ধতা পেরিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দুই তরুণ-তরুণী। দুই পরিবারের আন্তরিক সহযোগিতা ও পূর্ণ সম্মতিতে শুরু হলো তাঁদের শব্দহীন এক ভালোবাসার নতুন জীবন।

নব বিবাহিত বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। অন্যদিকে কনে নিলিমা জাহান নিতু ঢাকার সাভার এলাকার নুর হোসেনের মেয়ে। শৈশব থেকেই দুজনই বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী হলেও পরিবারের ভালোবাসায় স্বাভাবিকভাবেই বেড়ে উঠেছেন তাঁরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উভয় পরিবারের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁদের বিয়ের আইনি ও পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও বর গোলাম সাকওয়াত সম্পদ নিজের কাজ নিজে করতে পারেন এবং কম্পিউটারের কাজেও বেশ দক্ষ।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে বরের বাবা গোলাম আজম বলেন, দুই পরিবারের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই এই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়েটিও বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী। ইতোমধ্যে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করা হয়েছে এবং আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে উৎসব আয়োজন করে পুত্রবধূকে নতুন ঘরে তুলে আনা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে আরও জানান, ছেলের নিজস্ব সক্ষমতা ও তাঁদের পরিবারের যে সম্পদ রয়েছে, তা দিয়ে নতুন দম্পতির সংসার ভালোভাবেই চলে যাবে।

একে অপরের মনের কথা ও অনুভূতি বোঝাতে কোনো উচ্চারিত শব্দের প্রয়োজন হয়নি এই দম্পতির। তাঁদের এই নতুন সূচনা মনে করিয়ে দেয় যে ভালোবাসা প্রকাশের জন্য সবসময় শব্দের দরকার পড়ে না, কখনো কখনো মনের ভাষাই হয়ে ওঠে সম্পর্কের সবচেয়ে শক্তিশালী মাধ্যম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin