শরণার্থীশিবির থেকে বিশ্বসেরা মডেল: আওয়ার ওদিয়াংয়ের রূপকথার জয়যাত্রা

Published: November 17, 2026, 11:31 am

‘জন্ম হোক যথা–তথা, কর্ম হোক ভালো’—এই প্রবাদটি যেন আওয়ার ওদিয়াংয়ের জীবনের সঙ্গেই মানানসই। যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদান থেকে পালিয়ে ইথিওপিয়ার পিনিউডো শরণার্থীশিবিরে তাঁর জন্ম। সংঘাতের হাত থেকে সন্তানদের বাঁচাতে তাঁর অন্তঃসত্ত্বা মা-বাবা দেশ ছেড়ে আশ্রয় নিয়েছিলেন সেখানে। ২০০২ সালে দুই বছর বয়সে পরিবারের সঙ্গে কানাডায় পাড়ি জমান আওয়ার। কানাডার সাসকাচুয়ান প্রদেশের মুজ জ শহরে তাঁদের পরিবার নতুন জীবন শুরু করে, পরে তাঁরা ক্যালগারিতে স্থায়ী হন। বেড়ে ওঠার সময় শ্রেণিকক্ষে ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার কৃষ্ণাঙ্গ এই তরুণী ছিলেন সবার চেয়ে আলাদা।

মডেলিংয়ে তাঁর আসার গল্পটা বেশ নাটকীয়। ১৮ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে পড়ার সময় তিনি ক্যালগারির একটি শপিং মলের ‘ওল্ড নেভি’ নামক কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। পোশাক ভাঁজ করার সময় মডেলিং এজেন্ট কেলি স্ট্রেইট তাঁকে দেখে মুগ্ধ হন। কেলি তাঁকে বলেছিলেন, ‘তুমি আমার দেখা অন্যতম সুন্দরী ও ফিট মেয়ে। মডেলিং ইন্ডাস্ট্রি তোমাকেই খুঁজছে, আমি তোমার জীবন বদলে দেব।’ চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা আওয়ার শুরুতে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও কেলির উৎসাহে মডেলিংয়ে যুক্ত হন।

২০১৯ সালে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করে আওয়ার ওদিয়াং এখন বিশ্বের সেরা মডেলদের একজন। শ্যানেল, লুই ভুইতোঁ, প্রাদা, গুচি, ভারসাচে ও হার্মিজের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের রানওয়েতে তাঁর সরব উপস্থিতি ফ্যাশন দুনিয়ায় আলোড়ন তুলেছে। বিশেষ করে ২০২৫ সালের ৬ অক্টোবর প্যারিস ফ্যাশন উইকে শ্যানেলের হয়ে তাঁর সাদা গাউনের মুহূর্তটি বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি ভোগ ইতালির প্রচ্ছদেও জায়গা করে নেন।

ফ্যাশনশিল্পে কৃষ্ণাঙ্গ মডেলদের প্রতিনিধিত্ব ও সমান সুযোগের প্রশ্নে বরাবরই সোচ্চার আওয়ার ওদিয়াং। তাঁর মতে, শুধু ক্যামেরার সামনে বৈচিত্র্য থাকলেই হবে না, বরং ফ্যাশন জগতের ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলোতেও বৈচিত্র্য নিশ্চিত করা জরুরি। তাঁর এই অসামান্য পথচলার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে তিনি ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের সম্মানজনক ‘মডেল অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo