অবৈধ অভিবাসীদের নিজ দেশে পাঠাতে ব্যর্থ হলে আফ্রিকার দেশ রুয়ান্ডায় স্থানান্তর করতে নতুন চুক্তি করেছে ইউরোপের পাঁচটি দেশ। ২০২৭ সাল থেকে কার্যকর হতে যাওয়া এই উদ্যোগের অধীনে জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস থেকে সংশ্লিষ্ট অভিবাসীদের একটি বিশেষ 'রিটার্ন হাব' বা প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হবে। সোমবার সংশ্লিষ্ট দেশগুলোর সরকার পৃথক বিবৃতির মাধ্যমে এ পরিকল্পনার কথা জানিয়েছে, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
এই প্রত্যাবাসন ব্যবস্থা কেবল সেইসব অভিবাসীদের ওপর প্রযোজ্য হবে, যাদের এই পাঁচ ইউরোপীয় দেশে বৈধভাবে থাকার যাবতীয় আইনি সুযোগ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে এবং যাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে রুয়ান্ডার এই কেন্দ্রটি একটি বিকল্প আবাসন ব্যবস্থা হিসেবে কাজ করবে। সেখানে পৌঁছানোর পর অভিবাসীরা দেশটির মূলধারার সমাজে একীভূত হওয়ার সুযোগ পাবেন অথবা চাইলে সেখান থেকেই নিজ দেশে ফিরে যেতে পারবেন। রুয়ান্ডায় অবস্থানকালে তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আইনি সহায়তা এবং বসবাসের আনুষ্ঠানিক অনুমতি পাবেন।
পরিকল্পনার প্রাথমিক ধাপে কোনো সঙ্গীহীন শিশুকে পাঠানো হবে না, কেবল অবিবাহিত পুরুষ অভিবাসীদের স্থানান্তর করা হবে। বিশেষ করে যেসব অভিবাসী রুয়ান্ডার ভৌগোলিক কাছাকাছি অঞ্চলের দেশগুলো থেকে এসেছেন, তাদের এ ব্যবস্থার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। কূটনৈতিক সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে এবং প্রথম পর্যায়ে প্রায় ১০০ জন অভিবাসীকে সেখানে রাখা হতে পারে। চুক্তিভুক্ত পাঁচটি দেশের প্রতিটি থেকে গড়ে ২০ জন করে অভিবাসী পাঠানোর পরিকল্পনা রয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই কার্যক্রমে সহায়তা করতে পারে।
ভিয়েনায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সাধারণ মানুষের প্রাণঘাতী ঝুঁকি বন্ধ করা এবং ইউরোপের বর্তমান আশ্রয়ব্যবস্থার ওপর তৈরি হওয়া প্রচণ্ড চাপ কমানোই এই পদক্ষেপের প্রধান লক্ষ্য। এর আগে যুক্তরাজ্যও তাদের দেশে আসা আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর জন্য একটি চুক্তি করেছিল, যেখানে রুয়ান্ডায় বসেই আশ্রয়ের আবেদন নিষ্পত্তির পরিকল্পনা ছিল। তবে তীব্র আইনি জটিলতার কারণে সেই চুক্তি কার্যকর হতে পারেনি এবং ২০২৪ সালে লেবার সরকার ক্ষমতায় এসে তা আনুষ্ঠানিকভাবে বাতিল করে। তবে নতুন এই উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়ে ডাউনিং স্ট্রিপের কাছে জানতে চাওয়া হলে তারা বিষয়টি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে।
ইউরোপীয় পাঁচ দেশের এই সমঝোতা নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং বেশ কয়েকটি পক্ষ থেকে কড়া সমালোচনার মুখোমুখি হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে স্প্যানিশ টেলিভিশন চ্যানেল টেলিসিনকো জানায়, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ উদ্যোগটির তীব্র সমালোচনা করে বলেছেন, রুয়ান্ডায় অভিবাসী কেন্দ্র খোলার এ সিদ্ধান্তের মধ্যে তিনি কোনো ভবিষ্যৎ বা মানবিকতার প্রকাশ দেখছেন না। এটি অভিবাসন সংকটের কোনো টেকসই সমাধান হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা জানান, অনিয়মিত অভিবাসনের শিকার মানুষদের জন্য একটি নিরাপদ, আইনি ও মর্যাদাপূর্ণ সমাধান প্রদানে তারা ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বব্যাপী অর্থনৈতিক বৈষম্যকে অনিয়মিত অভিবাসনের অন্যতম প্রধান কারণ হিসেবেও তিনি উল্লেখ করেন। তবে মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচের আফ্রিকাবিষয়ক জ্যেষ্ঠ গবেষক ক্লেমেন্টাইন দে মন্টজয় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভিন্নমত দমন, বিরোধী রাজনৈতিক কর্মীদের নির্বিচারে আটক, বন্দিদশায় নির্যাতন এবং প্রতিবেশী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়ে রুয়ান্ডার অতীত রেকর্ড অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, অভিবাসীদের বহিষ্কার কর্মসূচির জন্য কিগালিকে অর্থ দেওয়া হলে তা স্থানান্তরিত ব্যক্তিদের দুর্ভোগ বাড়ানোর পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত একটি সরকারকেও আর্থিক ও রাজনৈতিক সুবিধা দেবে।
একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্বাধীন সংস্থা 'এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটস' জানিয়েছে, প্রত্যাবাসন কেন্দ্র পরিচালনার দায়িত্ব পাওয়া তৃতীয় দেশকে অবশ্যই মৌলিক মানবাধিকারের সুরক্ষা দিতে হবে। কোনো ব্যক্তিকে এমন কোনো দেশে পাঠানো যাবে না যেখানে তিনি নিপীড়ন বা গুরুতর ঝুঁকির মুখোমুখি হতে পারেন। ইউরোপের বিভিন্ন দেশে সামনে নির্বাচন থাকায় নিরাপত্তার উদ্বেগ, অর্থনৈতিক সংকট ও সরকারের প্রতি অসন্তোষকে কেন্দ্র করে অভিবাসন নিয়ন্ত্রণের রাজনৈতিক চাপ দিন দিন বাড়ছে।
ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফন্টেক্সের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে ১ লাখ ১০ হাজার অনিয়মিত প্রবেশের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৯ শতাংশ কম। শুধুমাত্র অক্টোবর মাসে ১৮,১০০টি অনিয়মিত সীমান্ত পারাপার শনাক্ত হয়। এটি ২০২৫ সালের অক্টোবরের চেয়ে ৬ শতাংশ কম হলেও সেপ্টেম্বর মাসের তুলনায় ২২ শতাংশ বেশি। মূলতঃ পশ্চিম আফ্রিকা হয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন বৃদ্ধি পাওয়ার কারণেই এই সংখ্যা বেড়েছে।





