সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইন কারাগারে আত্মহত্যা করেননি, বরং তাকে হত্যা করা হয়েছিল বলে দাবি করেছেন এক ফরেনসিক বিশেষজ্ঞ। অধ্যাপক মাইকেল ফ্রিম্যান জানান, এপস্টেইনকে সম্ভবত পেছন থেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। বিবিসির সংবাদভিত্তিক অনুষ্ঠান ‘নিউজনাইট’-এ দেওয়া এক বক্তব্যে তিনি জানান, নিউইয়র্ক সিটির মেডিকেল পরীক্ষকের নথি ও ফাইল পর্যালোচনা করেই তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
প্রভাবশালী এই মার্কিন ব্যবসায়ী ২০১৯ সালের ১০ আগস্ট যৌন পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় নিউইয়র্কের একটি কারাগারে মৃত অবস্থায় উদ্ধার হন। সে সময় ময়নাতদন্তকারী মেডিকেল পরীক্ষক সিদ্ধান্তে এসেছিলেন যে এপস্টেইনের শরীরের আঘাতগুলো আত্মহত্যার ঘটনার সাথেই সামঞ্জস্যপূর্ণ। সেই রিপোর্টে আত্মরক্ষার কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছিল, যা সাধারণত হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেখা যায়।
তবে ফরেনসিক বিশেষজ্ঞ ফ্রিম্যান জানান, এপস্টেইনের ভাই মার্ক ইপস্টিনের সরবরাহ করা ময়নাতদন্তের ছবি এবং বিভিন্ন ফাইলের ওপর ভিত্তি করে তিনি নিজের বিশ্লেষণ সম্পন্ন করেছেন। মার্ক সবসময় দাবি করে আসছিলেন যে তার ভাইকে হত্যা করা হয়েছিল। ফ্রিম্যান স্পষ্ট করেছেন, তার এই বিশ্লেষণ সম্পূর্ণ স্বাধীন এবং এই কাজের জন্য মার্ক তাকে কোনো অর্থ দেননি।
পর্যালোচনার ভিত্তিতে ফ্রিম্যান জানান, এপস্টেইনের শরীরের আঘাতের সাথে মৃতদেহ উদ্ধারের অবস্থার কোনো মিল নেই। তার ওপর হামলার একাধিক স্পষ্ট লক্ষণ রয়েছে, যার মধ্যে বাম কাঁধে গভীর রক্তক্ষরণ এবং মুখে আঘাতের চিহ্ন উল্লেখযোগ্য। তিনি আরও উল্লেখ করেন, প্রমাণগুলো ফাঁস ব্যবহার করে শ্বাসরোধ করার সাথেই বেশি মিলে যায়। পরবর্তী সময়ে হয়তো একই ফাঁস ব্যবহার করে মৃতদেহটি বাঙ্ক বেড থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল।
এপস্টেইনের গলায় ফাঁসের চিহ্নের ঠিক ওপরে নখের দাগ পাওয়ার কথা জানিয়ে ফ্রিম্যান বলেন, পেছন থেকে শ্বাসরোধ করার সময় ভুক্তভোগী নিজের গলা থেকে ফাঁসটি সরিয়ে নেওয়ার চেষ্টা করলে এমন দাগ পড়ে। আঘাতের ধরন ও পরিস্থিতির অসঙ্গতি বিচার করে তিনি মনে করেন, তাকে হত্যা করা হয়েছে ছাড়া অন্য কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা হতে পারে না।
মার্কিন বিচার বিভাগের (ডিওজে) তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টেইনকে প্রথম দেখতে পাওয়া কারারক্ষী তৎক্ষণাৎ এক সহকর্মীকে ডেকে আনেন। এরপর তারা ঝুলন্ত দেহ নিচে মেঝেতে নামিয়ে এনে জ্ঞান ফেরানোর চেষ্টা চালান। ফলে দেহ নামানোর আগের কোনো ছবি সংগৃহীত হয়নি। এপস্টেইন হত্যা সম্পর্কিত কোনো ষড়যন্ত্র তত্ত্বের সাথে যুক্ত কিনা জানতে চাইলে ফ্রিম্যান জানান, তিনি একজন শিক্ষাবিদ এবং তথ্যভিত্তিক যেকোনো তত্ত্ব শুনতে তিনি সর্বদাই প্রস্তুত।
উল্লেখ্য, ২০০৮ সালে এক অপ্রাপ্তবয়স্কের পতিতাবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন জেফরি এপস্টেইন। এর দীর্ঘ ১১ বছর পর অল্পবয়সী মেয়েদের নিয়ে যৌন নেটওয়ার্ক চালানোর অভিযোগে তাকে পুনরায় অভিযুক্ত করা হয়েছিল।





