যুক্তরাজ্যে স্ত্রীরোগবিদ্যায় উচ্চতর পড়াশোনা সম্পন্ন করার পর চিকিৎসা পেশায় সুনাম অর্জন করলেও ডা. ইয়াসমিন রশিদ শেষ পর্যন্ত পরিচিতি পান রাজনৈতিক অঙ্গনে। ২০১০ সালে পাকিস্তান তেহরিকে ইনসাফে (পিটিআই) যোগ দেওয়া ৭৬ বছর বয়সী এই চিকিৎসক ২০২৩ সালের মে মাস থেকে লাহোরের ঐতিহাসিক কোট লাখপত কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। রাজনীতির মাঠে সরব ভূমিকার কারণে তিনি এখন বিশ্ব রাজনীতিতে দীর্ঘতম কারাদণ্ডের মুখে থাকা নারী রাজনৈতিক বন্দিদের অন্যতম হিসেবে গণ্য হচ্ছেন।
গত তিন বছরে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া আটটি পৃথক মামলায় ১০ বছর করে মোট ৮০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর আইনজীবী রানা মুদাসসার উমর জানান, এসব মামলার বিভিন্ন ধারায় সব সাজা একত্রে হিসাব করলে কারাদণ্ডের মোট মেয়াদ ২৫০ বছর ছাড়িয়ে যায়। এ ছাড়া আরও ছয়টি মামলায় তাঁর বিচার কাজ চলছে। নতুন মামলাগুলোতে সাজা হলে ঘোষিত কারাদণ্ডের মেয়াদ ১০০ বছর অতিক্রম করবে।
বিশ্বের অন্যান্য নারী রাজনীতিকদের সাজা ও অবস্থানের সঙ্গে তুলনা করলে তাঁর এই দণ্ডের মাত্রা স্পষ্ট হয়। মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর বিভিন্ন দুর্নীতি মামলায় ৩৩ বছরের কারাদণ্ড পান, যা পরে কমিয়ে ১৮ বছর করে তাকে গৃহবন্দি করা হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত ২১ বছরের কারাদণ্ড ও মৃত্যুদণ্ড দিলেও তিনি কারাগারে না থেকে ভারতে অবস্থান করছেন। অন্যদিকে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবি তিনটি মামলায় মোট ৩৪ বছরের সাজ ভোগ করছেন।
পাকিস্তানে আরও কয়েকজন নারী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। পিটিআইয়ের সাবেক সংসদ সদস্য আলিয়া হামজা, সানাম জাভেদ ও ফালাক জাভেদ কারাগারে বন্দি আছেন। ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন খান মুক্তি পেলেও তৃতীয় বোন আলিমা খান এখনও কারাবন্দি। বেলুচ নেত্রী মাহরাং বেলুচকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, আর তাঁর আইনজীবী ইমান মাজহারি স্বামী হাদি আলি চাথার সঙ্গে বন্দি রয়েছেন। অন্যদিকে, আফগানিস্তানে মার্কিন বাহিনীর ওপর হামলার অভিযোগে ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রে ৮৬ বছরের সাজা ভোগ করছেন পাকিস্তানের ডা. আফিয়া সিদ্দিকি, যার নিখোঁজ হওয়া নিয়ে ২০০৩ সালে প্রথম সোচ্চার হয়েছিলেন ইমরান খান।
ডা. ইয়াসমিন রশিদের সব সাজাই দেওয়া হয়েছে বিশেষ সন্ত্রাসবিরোধী আদালত থেকে। ২০২৩ সালের ৯ মে লাহোরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও দাঙ্গার অভিযোগে তাঁর বিরুদ্ধে এসব মামলা দায়ের হয়। একই ঘটনায় সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাঞ্জাবের সাবেক গভর্নর ওমর সরফরাজ চিমা, সাবেক সিনেটর এজাজ চৌধুরী এবং সাবেক প্রাদেশিক মন্ত্রী মিয়া মাহমুদুর রশিদ।
যে কোট লাখপত কারাগারে ডা. ইয়াসমিন রশিদ বন্দি রয়েছেন, সেটি দেশটির রাজনৈতিক ইতিহাসের এক নীরব সাক্ষী। সেখানে আগে বন্দি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও নওয়াজ শরিফ। ফাঁসির কিছু দিন আগে ভুট্টো কারাগারে একটি আমগাছের চারা রোপণ করেছিলেন, যা এখন বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। পরবর্তীতে তাঁর জামাতা ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি একই কারাগারে বন্দি হয়ে শ্বশুরের স্মৃতি রক্ষায় আরেকটি আমগাছ রোপণ করেন। বর্তমান পিটিআই বন্দিরা এখন সেই বৃক্ষের ফল ভোগ করছেন।
২০২৬ সালের ১৪ নভেম্বর কারাগারের ভেতরে স্থাপিত সন্ত্রাসবিরোধী আদালতে শুনানি চলাকালে আইনজীবী রানা মুদাসসার উমর জানান, ডা. ইয়াসমিন রশিদের মেরুদণ্ডে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। ক্যানসার জয়ী ও হাঁপানি রোগে আক্রান্ত এই রাজনীতিককে হাসপাতালে স্থানান্তরের আবেদন জানান তিনি। এর আগেও আদালত তাঁকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন এবং একবার হাসপাতালে নেওয়া হলেও দ্রুত পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়।
কারাগারে থাকা অবস্থাতেই ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জাতীয় পরিষদ নির্বাচনে লাহোরে নওয়াজ শরিফের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা. ইয়াসমিন রশিদ। নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হলেও নির্বাচন কমিশন ফলাফল পরিবর্তন করে নওয়াজ শরিফকে বিজয়ী ঘোষণা করে বলে অভিযোগ রয়েছে।
অথচ ২০১৯ সালে যখন ডা. ইয়াসমিন রশিদ পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তখন বন্দি নওয়াজ শরিফ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। আদালত মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে খোলামেলা স্বীকার করেছিলেন যে নওয়াজ শরিফ মারাত্মক অসুস্থ এবং কারাগারে তাঁর চিকিৎসা সম্ভব নয়। তাঁর সেই সত্যনিষ্ঠ প্রতিবেদনের ভিত্তিতেই নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার নজিরবিহীন অনুমতি দিয়েছিলেন আদালত। অথচ আজ নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও অসুস্থ ডা. ইয়াসমিন রশিদকে হাসপাতালে চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে না।
রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁকে দণ্ডিত অপরাধী বা রাষ্ট্রদ্রোহী হিসেবে বর্ণনা করলেও কারাগারের ভেতর তিনি সকলের কাছে পরিচিত ‘ইয়াসমিন আপা’ নামে। অসুস্থ বন্দি ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত চিকিৎসা সেবা দেওয়া, দরিদ্র নারী বন্দিদের কন্যাদের বিয়ের ব্যবস্থা করা এবং আইনজীবীদের মাধ্যমে বহু অসহায় বন্দির আইনি মুক্তির ব্যবস্থা করার কাজে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। নিজের হাতে সুন্দর সূচিকর্ম করার পাশাপাশি অন্য নারী বন্দিদেরও কার শিল্পের মাধ্যমে স্বাবলম্বী হতে উৎসাহিত করছেন এই রাজনীতিক, যাঁকে অনেকেই এখন পাকিস্তানের প্রকৃত ‘আয়রন লেডি’ হিসেবে দেখছেন।





