ক্ষমতায় টিকে থাকতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বিমুখী রাজনৈতিক কৌশল অবলম্বন করছেন বলে তীব্র সমালোচনা করেছেন জয়েন্ট লিস্টের আইনপ্রণেতা আহমেদ তিবি। তিনি অভিযোগ করেছেন, প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার বা সহযোগিতার কড়া বিরোধিতা করলেও নেতানিয়াহু এবং তার প্রতিনিধিরা নেপথ্যে আরব আইনপ্রণেতাদের সমর্থন পাওয়ার জন্য অব্যাহত চেষ্টা চালিয়েছেন।
শুক্রবার ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি জানান, নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষে এবং ফল প্রকাশের পর তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। নিজের মুঠোফোনে আসা সেসব খুদে বার্তা প্রদর্শন করে তিবি বলেন, ব্যক্তিগত বার্তা সাধারণত প্রকাশ্যে না আনলেও সম্প্রতি নেসেটে নেতানিয়াহুর দেওয়া এক বক্তব্যের প্রতিবাদেই তিনি এটি প্রকাশ করতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, নেসেটের ওই ভাষণে নেতানিয়াহু আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন এবং রা’আম কিংবা জয়েন্ট লিস্টের সমর্থন নিয়ে সরকার গঠনের কঠোর বিরোধিতা করেন।
সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করে তিবি বলেন, প্রধানমন্ত্রী নিজেকে ভণ্ড হিসেবে প্রমাণ করেছেন, কারণ একদিকে তিনি আরবদের বিরুদ্ধে কথা বলছেন আর অন্যদিকে নিজের ব্যক্তিগত উপদেষ্টাকে তাদের কাছে পাঠাচ্ছেন। তিনি আরও দাবি করেন, চলতি সপ্তাহেও নেতানিয়াহু সরকারের এক মন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন প্রস্তাবিত সরকারের পক্ষে ভোট না দিতে অনুরোধ জানান। নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নেওয়ার পরামর্শ দিয়ে ওই মন্ত্রী তিবিকে বলেছিলেন, বিরোধীরা আরবদের সঙ্গে নেবে না, তাই আবার নির্বাচন হওয়াই শ্রেয়। তবে জবাবে তিবি স্পষ্ট জানিয়ে দেন, জয়েন্ট লিস্ট নতুন নির্বাচন চায় না; বরং তারা নেতানিয়াহু ও কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে ক্ষমতা থেকে সরাতে চায়। তিনি বেন-গভিরের বিরুদ্ধে দেশের প্রায় ২০ লাখ আরব নাগরিকের বিরুদ্ধে ক্রমাগত উসকানি দেওয়ার অভিযোগ আনেন।
তবে আহমেদ তিবির এসব দাবি এক বিজ্ঞপ্তিতে পুরোপুরি অস্বীকার করেছে নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ। চ্যানেল ১২-কে দেওয়া এক বিবৃতিতে লিকুদ বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়, যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় কিংবা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সহযোগিতার প্রশ্নই ওঠে না।
নির্বাচনে কারচুপির অভিযোগও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন আহমেদ তিবি। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে থেকে নেতানিয়াহুর দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল, কিন্তু তিনি আরব নেতৃত্বের বৈধতা এবং ২০ লাখ নাগরিকের রাজনৈতিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছেন। উল্লেখ্য, গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই নেতানিয়াহু ও লিকুদ নেতারা আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়ে আসছিলেন। তবে দেশটির নির্বাচন কমিশন এবং অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে এমন কোনো জালিয়াতির প্রমাণ বা অস্তিত্ব পাওয়া যায়নি।
আরব ভোটারদের উপস্থিতি বেড়ে যাওয়া প্রসঙ্গে তিবি মন্তব্য করেন, বিদায়ী সরকারের প্রতি ক্ষোভ, সহিংস অপরাধ বৃদ্ধি এবং বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের মতো কট্টর ডানপন্থি নেতাদের আক্রমণাত্মক বক্তব্যের জবাবে আরব নাগরিকরা আত্মরক্ষার অংশ হিসেবে ভোটকেন্দ্রে গিয়েছেন।
এদিকে চ্যানেল ১২-এর পৃথক এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগে ও পরে রা’আম দলের প্রধান মানসুর আব্বাসের সঙ্গেও বারবার যোগাযোগ করেছিলেন এশেল। আইজেনকোট যাতে সরকার গঠন করতে না পারেন, সে লক্ষ্যে আব্বাসকে নিরুৎসাহিত করার চেষ্টা করা হয়। এমনকি দুর্নীতির মামলায় অভিযুক্ত কেউ যাতে সরকার গঠনের সুযোগ না পান—এমন কোনো বিলে রা’আম সমর্থন দেবে কি না, তাও জানতে চাওয়া হয়েছিল। তবে এশেল তার বিরুদ্ধে ওঠা নেতানিয়াহুর বার্তা পৌঁছানোর অভিযোগ অস্বীকার করেছেন।
অন্যদিকে ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যানও আরবদের সমর্থিত সরকারের বিরোধিতা করছেন। তিবির মতে, লিবারম্যানের এই অবস্থান চূড়ান্ত ভণ্ডামি। কারণ এর আগের ‘চেঞ্জ গভর্নমেন্ট’-এ তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন এবং নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির প্রধান হন, তখন সেই সরকার আরব আইনপ্রণেতাদের সমর্থনেই টিকে ছিল। বর্তমানে নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে লিবারম্যান অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোটে যাওয়ার নমনীয় অবস্থান বিবেচনা করছেন।





