৪৯ বছর আগের স্মৃতিতে টেন্ডুলকার: ব্যাটের সঙ্গে অটুট ভালোবাসার সম্পর্ক

Published: November 15, 2026, 9:40 am

কিছু ছবি সময়ের দীর্ঘ পথচলাকে এক ফ্রেমে আটকে ফেলে। ঠিক এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ছবিতে দুই পাশে দুটি সময়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বাম পাশের সাদা-কালো ছবিতে দেখা যাচ্ছে কোঁকড়া চুলের এক ছোট শিশুকে, যার হাতে একটি ক্রিকেট ব্যাট। আর ডান পাশের ছবিতে একই মানুষ, তবে বয়সের ছাপ স্পষ্ট, পরনে নীল শার্ট ও জিনস। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, দুই ছবিতেই তার হাতে সেই একই ক্রিকেট ব্যাট এবং দাঁড়ানোর ভঙ্গিও প্রায় অভিন্ন।

ছবিটি পোস্ট করার সময় হিন্দিতে একটি আবেগী বার্তা দিয়েছেন টেন্ডুলকার। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘প্রথম থেকেই ব্যাটের সঙ্গে সম্পর্ক। ৪৯ বছর পরও সে আমার সঙ্গেই আছে!’ একটি ছোট্ট শিশুর হাতে থাকা ব্যাটটি যে একদিন তাকে বিশ্বজয়ের পথে নিয়ে যাবে, তা হয়তো সেদিন কেউ কল্পনাও করতে পারেনি। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করা এই শিশুটি পরবর্তীতে কোটি মানুষের আনন্দ ও বেদনার সঙ্গী হয়ে ওঠেন।

ভারতের হয়ে ২৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে টেন্ডুলকার ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন এবং জিতেছেন বিশ্বকাপ। তবে তার এই যাত্রা কেবল রান, রেকর্ড বা ট্রফির সংজ্ঞায় সীমাবদ্ধ নয়। কোটি কোটি ভক্তের কাছে তিনি ছিলেন আবেগের অন্য নাম। তিনি যখন ব্যাট হাতে মাঠে নামতেন, তখন টেলিভিশনের সামনে বসে থাকা অসংখ্য মানুষ তার ব্যাটিং দেখার অপেক্ষায় প্রহর গুনতেন। তার প্রতিটি সেঞ্চুরিতে উৎসবে মেতে উঠত ভারত, আবার আউট হলে নেমে আসত বিষণ্নতা।

ক্রিকেটের এই কিংবদন্তির জীবনে ব্যাটের সঙ্গে সম্পর্কটি কখনোই কেবল পেশাগত ছিল না, বরং তা ছিল নিবিড় ভালোবাসার। ৪৯ বছর পরের এই ছবিটি সেই ভালোবাসারই এক জীবন্ত দলিল। ১৯৮৯ সালের এই দিনেই ব্যাট হাতে ভারতের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন টেন্ডুলকার, আর সেই বিশেষ উপলক্ষেই তিনি নিজের শৈশবের এই অমূল্য স্মৃতি শেয়ার করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo