গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করে ফেরার পথে ৪ সাংবাদিকের ওপর হামলা

Published: November 15, 2026, 8:46 am

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের অভিযানের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে চার সাংবাদিককে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেলে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আক্রান্ত সাংবাদিকেরা হলেন ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের খন্দকার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার। তারা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিবরণ দিয়ে আহত সাংবাদিক আনোয়ার হোসেন শামীম জানান, শনিবার বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনের একটি স্থানে অভিযান চালানো হয়। সেই অভিযানে অবৈধ বালু ও বালু বহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর জব্দ করা হয়েছিল। ওই অভিযানের তথ্য ও ভিডিওচিত্র সংগ্রহ করে সিএনজিচালিত অটোরিকশায় ফিরে আসার পথে তিনটি মোটরসাইকেলে আসা নয়জন ব্যক্তি তাদের পথরোধ করেন।

তিনি আরও জানান, এর পর তাদের একটি ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে ‘মব’ সৃষ্টি করে বেধড়ক মারধর করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলো কেড়ে নিয়ে বন্ধ করে দেওয়া হয়। একপর্যায়ে হামলাকারীরা তাদের হাতে জোর করে টাকা ধরিয়ে দিয়ে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ভিডিও ধারণ করায়। আনোয়ার হোসেন শামীমের অভিযোগ, পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল এই হামলা চালিয়েছে।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া সম্ভব হয়নি।

এদিকে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এবং এটি অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল জানান, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি তিনি শুনেছেন। তবে অভিযানের সময় জব্দ করা গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin