চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে ওঠা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কোনো দায় পুলিশ বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি স্পষ্ট করেছেন, এ ধরনের অপকর্ম সম্পূর্ণ ওই কর্মকর্তার ব্যক্তিগত দায় এবং এর সাথে বাহিনীর কোনো সম্পর্ক নেই।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার এসব তথ্য জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো সদস্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোরতম আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এটি সম্পূর্ণ ব্যক্তিগত দায় হিসেবেই গণ্য করা হবে, যেখানে বাহিনীর কোনো দায়ভার নেই।
মামলার প্রক্রিয়া ব্যাখ্যা করে সিএমপি প্রধান জানান, গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে একটি মামলার এজাহার আসে এবং তা পাঁচলাইশ থানায় জমা দেওয়া হয়। যেহেতু অভিযোগটি রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত, তাই আইনি নিয়ম মেনে সরকারের পূর্বানুমতি নেওয়ার প্রয়োজনীয়তা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর পাঁচলাইশ থানায় আনুষ্ঠানিকভাবে নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলাটি দায়ের করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত পাওয়ার পর পাঁচলাইশ থানায় তিনি বাদী হয়ে রাষ্ট্রদ্রোহের এই মামলা করেন। এরপরই নগরীর অফিসার্স মেস থেকে এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে গ্রেপ্তারকৃত এসপি জাহাংগীর সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। সিএমপির এই বিশেষ ইউনিটই রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত পরিচালনা করবে। আইনি নিয়ম মেনে তাকে আজই আদালতে সোপর্দ করা হবে বলেও জানান কমিশনার।
এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত এসপি জাহাংগীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার সুনির্দিষ্ট পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। সেই বার্তায় 'জীবন বাজি রেখে' মাঠে নামার আহ্বান ছিল।
পুলিশের প্রাথমিক অভিযোগ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন এসপি জাহাংগীর। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নেও তিনি সংশ্লিষ্টদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। একই সঙ্গে পুলিশের অভ্যন্তরীণ ও অত্যন্ত স্পর্শকাতর তথ্য আওয়ামী লীগ নেতাদের কাছে সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে।





