ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ড, তদন্ত শুরু

Published: September 20, 2026, 6:01 am

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের পাশে রাস্তার ধারে পার্ক করে রাখা ‘সৌখিন পরিবহন’ নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাত ১২টা ১০ মিনিটের দিকে বাসটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পাওয়ার পরপরই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় কীভাবে আগুন লাগল তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসটিতে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে থাকতে পারে বলে ফায়ার সার্ভিস সন্দেহ করছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মাসকান্দা এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে অগ্নিকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কিছু আলামত জব্দ করেছে। তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত ও এর পেছনে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এবং ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy