বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঢাকা কেবল প্রশাসনিক রাজধানী নয়, এটি সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। তাই সারা দেশে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টির গুরুদায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের কাঁধে। শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের 'কালচারাল লিডারশিপ প্রোগ্রামে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমানে সমাজে ছড়িয়ে থাকা শিরক, বিদআত ও অশ্লীলতার মোকাবিলায় মানুষের মাঝে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা পৌঁছে দেওয়ার দায়িত্ব এই মহানগরীর সাহিত্য-সংস্কৃতিকর্মীদের। দেশের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব তাদেরই দিতে হবে।
তিনি আরও বলেন, ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস। এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচরণের সামগ্রিক রূপকার। আল্লাহ তাআলাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা ও নিয়ন্ত্রক—এই বিশ্বাসই ইসলামি সংস্কৃতির মূল চালিকাশক্তি। মানুষের ভালোবাসা, ভয় ও যাবতীয় উপাসনা কেবল আল্লাহর জন্য নিবেদিত হবে, যা মানুষকে অন্য কোনো শক্তির দাসত্ব থেকে মুক্ত করে। সাহিত্য ও সংস্কৃতি চর্চার মূল লক্ষ্য নিছক আনন্দ নয়, বরং মানুষের কল্যাণ সাধন করা।
অনুষ্ঠানে দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, সাহিত্য-সংস্কৃতি বিভাগের কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির ও মেয়রপ্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং সাহিত্য-সংস্কৃতি কমিটি ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সফল হয় না এবং কোনো পরিবর্তন আসলেও তা স্থায়ী হয় না। সভাপতির বক্তব্যে সাইফুল্লাহ মানছুর বলেন, গান গাইলে ব্যক্তিত্ব নষ্ট হয় না, বরং তা হৃদয়ে আন্দোলনের দোলা সৃষ্টি করে। তবে তিনি স্মরণ করিয়ে দেন যে, পবিত্র কুরআন হলো মানবমন পরিবর্তনের জন্য সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি মোশাররফ হোসেন খান, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, কবি আবু তাহের বেলাল, সাহিত্য-সংস্কৃতি সংগঠক আবেদুর রহমান, শিল্পী তাফাজ্জল হোসাইন খান, শিশুসাহিত্যিক ড. ইকবাল কবীর মোহন, কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল ও বাচিক শিল্পী মাহবুব মুকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম।





