নিউজিল্যান্ড সফরের মাঝেই বাগ্‌দান সারলেন ক্রিকেটার আর্শদীপ সিং

Published: November 12, 2026, 2:59 am

ভারত-নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ত সূচির মাঝেই জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন ভারতীয় ক্রিকেটার আর্শদীপ সিং। দীর্ঘদিনের প্রেমিকা সামরিন কৌরের সঙ্গে বাগ্‌দান সেরে ফেললেন তিনি। সম্প্রতি আইপিএলে পাঞ্জাব কিংস ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার খবরের পর এবার আর্শদীপের বাগ্‌দানের খবর সামনে এল।

সামরিন কৌর নিজেই ইনস্টাগ্রামে বাগ্‌দানের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে, আর্শদীপ হাঁটু গেড়ে বসে সামরিনকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এবং আংটি পরিয়ে দিচ্ছেন। হাসিমুখে দুজনকে একসঙ্গে বেশ কিছু ছবিতে দেখা গেছে।

সামরিন তার ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছেন, “জীবন আমাদের যা কিছু দিয়েছে, তার মধ্যে সবচেয়ে আনন্দের হল আমাদের একে অপরকে পাওয়া। সারা জীবন একসঙ্গে থাকব। ১১.১১.২০২৬।”

জানা গেছে, নিউজিল্যান্ড সফরে আর্শদীপের সঙ্গে সামরিনও গিয়েছিলেন। সেখানে আর্শদীপের বাবা দর্শন সিং ও পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, বাগ্‌দানের পরিকল্পনা আগে থেকেই ছিল বলেই পরিবারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি।

এর আগে চার মাস আগে আর্শদীপ প্রথমবার সামরিনের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। তখন সামরিনের দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি তাকে “আমার কাছের লোক” হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এরপর থেকেই বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin