বর্জ্য ব্যবস্থাপনায় পাটের সম্ভাবনা নিয়ে জিরো ওয়েস্টের সঙ্গে আলোচনা

Published: November 12, 2026, 3:44 am

পরিবেশবান্ধব পাটের বহুমুখী সম্ভাবনাকে কাজে লাগিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সহযোগিতার পথ খুঁজছে বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখে কপ-৩১ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশ জুট প্যাভিলিয়ন টিমের সঙ্গে জিরো ওয়েস্ট ফাউন্ডেশন টিমের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবারের এই আলোচনায় পাটের পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

বৈঠকে জিরো ওয়েস্ট ফাউন্ডেশন বাংলাদেশের উপস্থাপিত 'জুট ইকোসিস্টেম সার্ভিসেস'-এর ভূয়সী প্রশংসা করে। ফাউন্ডেশন টিম পাটকে কার্বন-নেগেটিভ এবং সম্পূর্ণ জৈব-অবচনযোগ্য প্রাকৃতিক তন্তু হিসেবে অভিহিত করে। প্লাস্টিকের একটি কার্যকর ও টেকসই বিকল্প হিসেবে পাটকে তারা বিশেষ স্বীকৃতি দেয়। একই সঙ্গে বাংলাদেশ জুট প্যাভিলিয়ন টিমও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের বর্জ্যহীন সমাজ গড়ার টেকসই উদ্যোগের প্রশংসা করেছে।

দুই পক্ষই নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেছে। নতুন নতুন ধারণা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে পাটের পরিবেশগত সুবিধা ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের কার্যক্রমকে কাজে লাগিয়ে বাস্তবভিত্তিক সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এদিকে, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ জুট প্যাভিলিয়ন ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। প্যাভিলিয়নটি পরিদর্শন করেছেন বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল এবং যুব নেতৃত্বের প্রতিনিধিরা। দর্শনার্থীরা পাটপণ্যের প্রতি বিশেষ আগ্রহ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্যাভিলিয়ন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রদর্শনী থেকে বেশ কয়েকটি বড় আকারের অর্ডার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin