সাফের বিরুদ্ধে দ্বৈতনীতি ও মধ্যরাতে হুমকির অভিযোগ শ্রীলঙ্কার কোচ মুতাইরির

Published: November 12, 2026, 2:50 am

বাংলাদেশের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেছে শ্রীলঙ্কার। তবে মাঠের খেলা ও হারের বিশ্লেষণ ছেড়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) কর্মকর্তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সাফের আইন কর্মকর্তা তানজিমের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, উদ্দেশ্যপ্রণোদিত আচরণ ও দ্বৈতনীতির স্পষ্ট অভিযোগ এনেছেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতে বিজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেও খুব দ্রুতই সাফের আইন বিভাগের ভূমিকা নিয়ে তোপ দাগেন মুতাইরি। তিনি দাবি করেন, গুরুত্বপূর্ণ এই ম্যাচের ঠিক আগের রাতে মধ্যরাতে তাকে একটি ই-মেইল পাঠানো হয়। সেখানে তাকে ছয় মাসের নিষেধাজ্ঞা এবং ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করার হুমকি দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে শ্রীলঙ্কান কোচ প্রশ্ন তোলেন, সামান্য কিছু কথার কারণে কেন তাকে গভীর রাতে ই-মেইল পাঠানো হলো? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা না করে কেন এত তাড়াহুড়ো করা হলো, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।

নিজের বক্তব্যের সত্যতা প্রমাণে ওই ই-মেইলের একটি অংশ সংবাদ সম্মেলনে পঠিত শোনান মুতাইরি। তার ভাষ্যমতে, ই-মেইলেই স্বীকার করা হয়েছে যে তার আগের বক্তব্যগুলো ছিল মূলতঃ রেফারিংয়ের সিদ্ধান্ত পর্যালোচনা ও ভিএআর (VAR) চালুর দাবি সম্পর্কিত। সেখানে বাংলাদেশ দল বা সাফের বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল না এবং আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের প্রতি পক্ষপাতিত্বের কোনো উদ্দেশ্যও তার ছিল না। সব মেনে নেওয়ার পরও তাকে কেন শাস্তির মুখে ফেলার হুমকি দেয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

সাফ কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্বৈত নীতি প্রয়োগের অভিযোগ এনে মুতাইরি ২০২৩ সালের ভারত-পাকিস্তান ম্যাচের উদাহরণ দেন। তিনি দাবি করেন, সেই ম্যাচে ভারতের কোচ প্রতিপক্ষ পাকিস্তানের এক ফুটবলারকে স্পর্শ করলেও কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে কুয়েতের খেলোয়াড়দের সঙ্গে ঘটা সংঘর্ষের ঘটনায় মাত্র ৫০০ ডলার জরিমানা করে বিষয়টি নিষ্পত্তি করা হয়। অথচ তার ক্ষেত্রে সরাসরি ছয় মাসের নিষেধাজ্ঞা ও ১০ হাজার ডলার জরিমানার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া ২০২১ সালের সাফে দুটি হলুদ কার্ডের কারণে তাকে ফাইনালে ডাগআউটে নিষিদ্ধ করার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি চ্যালেঞ্জ জানান, প্রতিযোগিতার উপ-আইনে এমন বিধান থাকলে আইন বিভাগের প্রধানের উচিত কোচিং পেশা ছেড়ে দেওয়া।

প্রতিযোগিতার আয়োজক নির্বাচন ও পরিচালনা প্রক্রিয়া নিয়েও তীব্র ক্ষোভ জানান শ্রীলঙ্কার কোচ। তিনি জানান, ২০২৩ সালে সাফের আসর আয়োজনের জন্য কেবল নেপাল আবেদন করেছিল, কিন্তু স্পন্সরের শর্ত মেনে ভারতকে স্বাগতিক করা হয়। পাশাপাশি সাফের সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন কমিটিতে শ্রীলঙ্কার প্রতিনিধিকে মতামত দেওয়ার অধিকার না দিয়ে পক্ষপাতমূলক পরিবেশ তৈরি করার অভিযোগ আনেন তিনি।

ক্ষোভের একপর্যায়ে সাফের আইন বিভাগের প্রধানকে উদ্দেশে করে ধর্মীয় বিচারদিনের কথা মনে করিয়ে দেন এই কোচ। তিনি বলেন, কেয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহর সামনে যখন সবাই মুখোমুখি দাঁড়াবে, তখন সেই কর্মকর্তা কোথায় পালাবেন এবং সেদিন তার বিরুদ্ধেই তিনি আল্লাহর কাছে বিচার চাইবেন। মুতাইরি জোর দিয়ে বলেন, তার মন পরিষ্কার এবং তিনি কোনো অন্যায় করেননি। কর্তৃপক্ষ চাইলে তাকে দুই বা তিন বছরের জন্য নিষিদ্ধ করতে পারে, এতে তিনি পরিবার ও স্ত্রীর সঙ্গে ছুটি কাটানোর সুযোগ পাবেন।

বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পেছনেও এই মানসিকভাবে বিপর্যস্ত করার ই-মেইলটি ভূমিকা রেখেছে বলে দাবি মুতাইরির। তার মতে, ই-মেইলটি পাওয়ার পরই তিনি বুঝতে পেরেছিলেন মাঠের ফলাফলে তাদের হার নিশ্চিত। বিশ্বকাপ অভিজ্ঞতা থাকা কোচদের সঙ্গে এক ধরনের আচরণ আর তার মতো কোচদের সঙ্গে অন্য আচরণ করা হচ্ছে বলে আক্ষেপ করেন তিনি। সংবাদ সম্মেলনের শেষভাগে তিনি জানান, সাফের কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য ও নিজের কাছে থাকা সব প্রমাণ তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করবেন। সাফের উদ্দেশে তার শেষ বার্তা ছিল, সাফ যদি সত্যিই ফুটবলের উন্নয়ন চায়, তবে তাদের উচিত অনাকাঙ্ক্ষিত বিতর্ক বন্ধ করে শুধু ফুটবলটা খেলতে দেওয়া।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin