ইসলামে পরকাল বা শেষ দিনের প্রতি বিশ্বাস রাখা অপরিহার্য। এটি ইসলামের বিশ্বাসের ছয়টি মূল স্তম্ভের অন্যতম। মহানবী মুহাম্মাদ (সা.) মৃত্যুর পর মানুষের সঙ্গে যা যা ঘটবে, যেমন কবরের প্রশ্নোত্তর, শাস্তি, প্রতিদান এবং পুনরুত্থান বা হাশর-নাশরের বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।
মৃত্যুর মুহূর্তটিই পরকালের প্রথম ধাপ। কোনো মোমিনের মৃত্যু উপস্থিত হলে আকাশ থেকে উজ্জ্বল মুখমণ্ডলবিশিষ্ট ফেরেশতারা নেমে আসেন, যাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল। তাদের সঙ্গে থাকে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা মৃত ব্যক্তির চারপাশে অবস্থান নেন। এরপর প্রাণ হরণকারী ফেরেশতা মাথার পাশে বসে তাকে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির সুসংবাদ দিয়ে আত্মা বের করার আহ্বান জানান। তখন সেই আত্মা পানির ফোঁটার মতো অনায়াসেই দেহ থেকে বেরিয়ে আসে।
বিপরীত চিত্র দেখা যায় অবিশ্বাসী বা কাফেরের ক্ষেত্রে। তাদের কাছে কালো চেহারার ফেরেশতারা রুক্ষ ও মোটা পশমি কাপড় নিয়ে উপস্থিত হন। মালাকুল মওত মাথার পাশে বসে সেই নিকৃষ্ট আত্মাকে আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে ডেকে বের করার নির্দেশ দেন। তখন সেই আত্মা শরীরের ভেতর ছড়িয়ে পড়ে এবং অত্যন্ত কষ্টসহকারে তাকে টেনে বের করা হয়, যেমন ভেজা পশম থেকে লোহার কাঁটাযুক্ত দণ্ড টেনে বের করা হয় (মুসনাদে আহমদ : ১৮৫৫৭)।
মোমিনের আত্মা বের হওয়ার পর সে দুনিয়ার সব কষ্ট থেকে মুক্তি পেয়ে আল্লাহর রহমতের পথে যাত্রা করে। অন্যদিকে, কোনো অপরাধী বা ফাসেক ব্যক্তির মৃত্যুতে মানুষ, জমিন, গাছপালা ও পশুরা স্বস্তি লাভ করে (বোখারি : ৬৫১২)।
এরপর মানুষ বরজখের জীবনে বা কবরে প্রবেশ করে, যা দুনিয়া ও কিয়ামতের মধ্যবর্তী সময়। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর তার সঙ্গীরা যখন ফিরে যেতে থাকে, তখন সে তাদের জুতার শব্দ শুনতে পায়। কবরে তাকে তিনটি প্রশ্ন করা হয়। নবী (সা.) সতর্ক করেছেন যে, কবরের এই পরীক্ষা দাজ্জালের পরীক্ষার মতোই অত্যন্ত কঠিন হবে (বোখারি : ৭২৮৭)।





