কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Published: November 12, 2026, 3:19 am

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ৩১) অংশ নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি সম্মেলনস্থলে অবস্থিত এই প্যাভিলিয়নে উপস্থিত হন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সমাহার ঘুরে দেখেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা উদ্যোগের উপস্থাপনাও তিনি পর্যবেক্ষণ করেন।

প্যাভিলিয়নে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এ সময় প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি প্যাভিলিয়নের সার্বিক কার্যক্রম, প্রদর্শিত পণ্যের গুরুত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জলবায়ুবিষয়ক কার্যক্রমগুলো কীভাবে তুলে ধরা হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে বিস্তারিত জানতে চান। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্যাভিলিয়নের প্রদর্শনী ও কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin