কৃষি খাতে সার বিতরণে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ক্ষেত্রে জড়িত ব্যক্তির রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব ও পরিচয় বিবেচনায় নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে ডিলারশিপ বাতিলসহ সংশ্লিষ্টদের কঠোর আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে উপজেলার দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সদর উপজেলার ২০০ জন দুঃস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার চেক হস্তান্তরিত করেন।
বক্তব্যকালে প্রতিমন্ত্রী যশোরের স্থানীয় চিকিৎসাসেবার মানোন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের তথ্য তুলে ধরেন। তিনি নিশ্চিত করেন যে, আগামী জুন মাসের মধ্যেই যশোর করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে। এর পাশাপাশি সাধারণ রোগীদের সরকারি খরচে ডায়ালাইসিস সেবা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে যশোর জেনারেল হাসপাতালে একটি নতুন কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর প্রক্রিয়ার কথাও জানান তিনি।





