রাওয়ালপিন্ডি টেস্টে সেঞ্চুরি করে শ্রীলঙ্কার নিয়ন্ত্রণ

Published: November 11, 2026, 1:31 pm

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনটি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। দলটির সাবেক অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও বর্তমান অধিনায়ক কুশল মেন্ডিসের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ হওয়ার আগে শ্রীলঙ্কা ৪ উইকেটে ৪০৪ রান তুলেছে। পাকিস্তানের প্রথম ইনিংসের ৪৩৪ রানের চেয়ে তারা এখন মাত্র ৩০ রানে পিছিয়ে আছে এবং হাতে রয়েছে ৬ উইকেট।

দিনের শুরুতে ৩ উইকেটে ১১৪ রান নিয়ে খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। দিনের একমাত্র সাফল্য হিসেবে মোহাম্মদ আব্বাস কামিন্দু মেন্ডিসকে ফিরিয়ে দেন, যিনি ৫৮ রান করে আউট হন। এরপর পাকিস্তানের বোলাররা আর কোনো উইকেট নিতে পারেননি। ধনাঞ্জয়া যখন ৩৮ রানে ছিলেন, তখন সৌদ শাকিল প্রথম স্লিপে তার একটি ক্যাচ ছাড়েন। এরপর আজান আওয়াইস শর্ট লেগে এবং সাকিব খান নিজের বলে ধনাঞ্জয়ার ক্যাচ নিতে ব্যর্থ হন।

জীবন পাওয়ার পর ধনাঞ্জয়া ডি সিলভা আর পেছনে ফিরে তাকাননি। রক্ষণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি সুযোগ বুঝে আক্রমণাত্মক হয়ে তিনি টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নেন। ধনাঞ্জয়ার সঙ্গে তাল মিলিয়ে কুশল মেন্ডিসও দুর্দান্ত ব্যাটিং করেন। এক পর্যায়ে মাত্র ৬ ওভারে শ্রীলঙ্কা ৫৯ রান যোগ করে। নতুন টেস্ট অধিনায়ক কুশল মেন্ডিস রাজাউল্লাহর বলে আপার কাটে চার মেরে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন এবং পরে একই শটে ছক্কাও হাঁকান।

পঞ্চম উইকেটে ধনাঞ্জয়া ও কুশল অবিচ্ছিন্ন ২৪৯ রানের জুটি গড়েছেন। আলোকস্বল্পতায় খেলা বন্ধের সময় কুশল মেন্ডিস ১৮৮ বলে ১১৭ রানে এবং ধনাঞ্জয়া ডি সিলভা ২৪১ বলে ১৬৭ রানে অপরাজিত ছিলেন।

আলোকস্বল্পতায় আগেভাগে দিনের খেলা বন্ধ হওয়ার আগে শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে যোগ করেছে ২৯০ রান।.দিনের শুরুতে ধনাঞ্জয়ার সঙ্গে ব্যাটিংয়ে ছিলেন কামিন্দু মেন্ডিস।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo