সোমবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানী ঢাকার একাধিক এলাকায় সিরিজ ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর পোস্ট অফিসের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি এবং ঘটনার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সময়ে সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, ফার্মগেটের বাসে আগুন ও সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
রাজধানীর সিএমএম আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে উপস্থিত জনতা এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। একই রাতে হাতিরঝিল থানা পুলিশ মগবাজার ফ্লাইওভারে চেকপোস্ট তল্লাশির সময় ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় দুটি বাসের মাঝে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ জানান, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসি এলাকার পাশ থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। বাঙলা কলেজ ক্যাম্পাসের ফটকেও ককটেল বিস্ফোরণের পাশাপাশি ফটকের পাশের কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর মালিবাগ মোড়, মগবাজার মোড়, আদাবর থানার টোকিও স্কয়ারের সামনে, যাত্রাবাড়ী ও গেন্ডারিয়া সংলগ্ন দয়াগঞ্জ ব্রিজের নিচেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।





