দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টাইন

Published: November 9, 2026, 5:35 pm

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ব্যাটিং পরামর্শক হিসেবে সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেল মার্টিন বেনকেনস্টাইনকে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত শুধুমাত্র এই সিরিজের জন্যই তিনি দায়িত্ব পালন করবেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাক্কালে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল বিসিবি। তাঁর স্থলাভিষিক্ত হয়ে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে দক্ষিণ আফ্রিকা সফরে সালাউদ্দিন দলের সঙ্গে থাকছেন না।

নতুন স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগের ক্ষেত্রে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ এবং দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার মতো সাবেক তারকা ক্রিকেটারদের নাম নিয়ে বিসিবি আলোচনা করেছিল। তবে শেষ পর্যন্ত তাঁদের কারও সঙ্গেই চুক্তি করছে না বোর্ড। বিকল্প হিসেবে বেনকেনস্টাইনকে আপাতত সিরিজভিত্তিক পরামর্শক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে দলের ফিল্ডিং কোচ হিসেবেও পরিবর্তন আনা হয়েছে। বর্তমান ফিল্ডিং কোচ আশিক মজুমদার জাতীয় দলের সঙ্গে থাকছেন না; তিনি বাংলাদেশ ‘এ’ দলের দায়িত্ব সামলাবেন। তাঁর অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মাকেতা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh