মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিশু, নির্মাণাধীন ঘরের পাশে মিলল লাশ

Published: November 9, 2026, 5:11 pm

নোয়াখালী সদর উপজেলায় এক সাত বছর বয়সী শিশুছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে সুধারাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত শিশুটি স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল এবং তার গ্রামের বাড়ি পাশের বেগমগঞ্জ উপজেলায়।

শিশুর চাচা জানান, শিশুটি ও তার ১০ বছর বয়সী বড় ভাই একই মাদ্রাসায় পড়ত। দুপুরে বাড়িতে খাবার খেয়ে তারা দুজন মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। যাওয়ার পথে একটি বাড়ির বাগানের ভেতর দিয়ে তাদের যাতায়াত করতে হতো। পথিমধ্যে ভাই প্রস্রাব করার জন্য একটু দূরে সরে গেলে বোনকে আর দেখতে পায়নি। পরে সে একাই মাদ্রাসায় চলে যায় এবং বিকেলে ছুটি শেষে বাড়ি ফেরে।

বাড়ি ফিরে ছেলেটি মাকে জানায় যে বোন তার সঙ্গে ছিল কিন্তু পরে হারিয়ে গেছে। এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল সাড়ে চারটার দিকে মাদ্রাসা থেকে প্রায় ২০০ গজ দূরে একটি নির্মাণাধীন ঘরের ভিটার পাশে শিশুটির লাশ পড়ে থাকতে দেখা যায়।

পরিবারের লোকজনের দাবি, শিশুটির পরনের জামাকাপড় স্বাভাবিক অবস্থায় ছিল না। এ কারণে তাদের সন্দেহ, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের করা অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo