সোমবার (৯ নভেম্বর) বিকাল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন সূচিত হয়। প্রথম দিনের কার্যসূচিতে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ, প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর প্রদান, বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং আইন-প্রণয়ন কার্যাবলি অন্তর্ভুক্ত রয়েছে।
তৃতীয় অধিবেশনের সমাপ্তি এবং চতুর্থ অধিবেশনের সূচনার মধ্যবর্তী সময়ে জারি হওয়া তিনটি অধ্যাদেশ সংসদের চলতি বৈঠকে উপস্থাপন করা হবে। এগুলো হলো— পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
এর আগে রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশ নেন। উক্ত বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের এই চতুর্থ অধিবেশন আগামী ১৮ই নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন বসবে।
চলতি অধিবেশনে সংসদ সদস্যরা ব্যাপক সাড়া দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ সর্বমোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য বিধি-৭১ অনুযায়ী ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।





