রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয় বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি নিশ্চিত করা হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বাসটিতে যাত্রী ছিল, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন কাজ শুরু করেন, তখন সেখানে কোনো যাত্রী পাওয়া যায়নি।
এই অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে ফার্মগেট মেট্রো স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এক বার্তায় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় স্টেশনটি চালু করে যাত্রীসেবা কার্যক্রম শুরু করা হবে।
এদিকে, একই সময়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।





