ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর জন্য নিজে কোনো আবেদন করেননি। সোমবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস মিনিস্টার জানান, 'ম্যাট্রিক্স চেম্বার্স' নামের একটি আইনি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ হাইকমিশনে একটি ইমেইল পাঠানো হয়েছে। সেই ইমেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়। তবে ওই ইমেইলে শেখ হাসিনার কোনো অনুমোদনপত্র বা স্বাক্ষর ছিল না।
সাইদুর রহমান বলেন, 'অনুরোধটি সঠিক কি না, সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষের অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না।' তিনি আরও জানান, হাইকমিশন ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে।
এর আগে সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দাবি করা হয়, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তবে হাইকমিশনের পক্ষ থেকে এই দাবি নাকচ করে দেওয়া হলো।





