পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে

Published: November 9, 2026, 9:14 am

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি মাস থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ফেব্রুয়ারি মাস থেকে ভর্তি পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব সিদ্ধান্তের কথা জানান। এর আগে সকালে ইউজিসিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ভর্তি পরীক্ষার সময়সূচি ও সংশ্লিষ্ট বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, ভর্তি পরীক্ষার সূচি সমন্বয়, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল এবং ভর্তি প্রক্রিয়ায় শৃঙ্খলা আনতেই উপাচার্যদের সঙ্গে এই বৈঠকের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে। এই ফল প্রকাশের পরই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পূর্ণ সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়ে ইউজিসি চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে পরীক্ষার নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ করেছে, তাদের প্রতি জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ঘোষিত তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ যেন সাংঘর্ষিক না হয় এবং আসন্ন পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের অনুরোধ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সর্বোচ্চ সংখ্যক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ভর্তি পরীক্ষা বিলম্বিত হওয়ার কারণে নিয়মিত একাডেমিক কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে উপাচার্যদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে ইউজিসি সব ধরনের সহায়তা দেবে বলে নিশ্চিত করা হয়। এছাড়া ভর্তি পরীক্ষা প্রক্রিয়ায় ধারাবাহিক সমন্বয় রক্ষা করতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ‘কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

পরীক্ষা পদ্ধতির বিষয়ে তিনি জানান, গত বছরের মতো এবারও বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভরতা না মেপে বিষয়ভিত্তিক মেধা ও বিশ্লেষণী ক্ষমতা যাচাইয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউ-এর পাশাপাশি লিখিত বা বিষয়ভিত্তিক প্রশ্ন যুক্ত করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোর মতামত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অধ্যাপক মামুন আহমেদ আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইন ও স্বায়ত্তশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে কেবল সমন্বয়ক ও সহায়তাকারী হিসেবে ভূমিকা পালন করবে ইউজিসি। কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হবে না এবং উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি কার্যক্রম আরও শিক্ষার্থীবান্ধব ও সুশৃঙ্খল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin