মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬: শেষ মুহূর্তের প্রস্তুতি ও হল পরিচালনার সেরা কৌশল

Published: November 9, 2026, 2:51 am

ছোটবেলা থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন লালন করেন দেশের বহু শিক্ষার্থী। তবে মেডিকেল ভর্তি পরীক্ষা যত এগিয়ে আসে, শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা, নার্ভাসনেস ও নানা রকম দুশ্চিন্তা ততই বাড়ে। দীর্ঘদিনের পড়ার পর তথ্য ভুলে যাওয়া বা অন্যদের প্রস্তুতি বেশি মনে হওয়ার কারণে পরীক্ষার হলে কাঙ্ক্ষিত পারফর্ম করতে না পেরে অনেককে আক্ষেপ করতে হয়। এ পরিস্থিতিতে ভর্তি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি এবং পরীক্ষার হলের সময় ব্যবস্থাপনা ও কৌশল নিয়ে বিশদ পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সার্জন এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. শাহজিয়া শাহরিন আনিকা।

বিশেষজ্ঞদের মতে, শেষ মুহূর্তে আতঙ্কিত হয়ে নতুন কোনো বই, নতুন প্রশ্নব্যাংক বা নতুন নোট পড়তে শুরু করা সবচেয়ে বড় ভুল। এখন নতুন কিছু না পড়ে পরিকল্পিত রিভিশন, নিয়মিত মডেল টেস্ট দেওয়া এবং মানসিক স্থিরতা বজায় রাখার ওপর জোর দিতে হবে। পুরো সিলেবাস নতুন করে না পড়ে ইতিমধ্যে পড়া বিষয়গুলোর সবল ও দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে রিভিশন দেওয়াই বুদ্ধিমানের কাজ। নিজের অবস্থান যাচাইয়ের জন্য অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক মডেল টেস্ট দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শুধু অনলাইনে না দিয়ে বাস্তব পরীক্ষার মতো উত্তরপত্রে (ওএমআর শিটে) বৃত্ত ভরাটের চর্চা করা জরুরি। অন্যথায় আসল পরীক্ষার হলে ভুল বৃত্ত ভরাট বা সময় বেশি লাগার মতো সমস্যায় পড়ার ঝুঁকি থাকে। টেস্টে প্রাপ্ত নম্বরে অতি সন্তুষ্ট বা হতাশ না হয়ে প্রতিটি ভুলের বিশ্লেষণ করা এবং অনুধাবনমূলক প্রশ্নের সঠিক ও ভুল অপশনগুলোর কারণ বুঝে নেওয়া প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যম বা কোচিং সেন্টারে সহপাঠীদের পড়া বা মডেল টেস্টের নম্বর দেখে মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রতিটি শিক্ষার্থীর শেখার ধরন ও গতি আলাদা, তাই পরিবারের বাড়তি প্রত্যাশা বা একটি খারাপ মডেল টেস্ট দেখে পুরো প্রস্তুতি নষ্ট হয়ে গেছে ভাবার কারণ নেই। ফাইনাল রিভিশনের সময় একই বিষয়ের একাধিক লেখকের বই পড়া বিভ্রান্তি তৈরি করতে পারে। ভিজ্যুয়াল মেমোরি বাড়াতে একটিমাত্র নির্ভরযোগ্য বইকে মূল ধরে বারবার পড়া উচিত। পদার্থবিজ্ঞান ও রসায়ন বইয়ের অনুশীলনীর নিশ্চিত কমন উপযোগী প্রশ্নগুলো বাদ দেওয়া যাবে না। অন্যদিকে সীমাহীন পরিধির ইংরেজি ভোকাবুলারি বা সাধারণ জ্ঞানে অতিরিক্ত সময় নষ্ট না করার পরামর্শ দেয়া হয়েছে।

পরীক্ষার মানবণ্টনে জীববিজ্ঞানে ৩০ নম্বর থাকায় এতে কিছুটা বাড়তি সময় দেওয়া যেতে পারে, তবে অবশিষ্ট ৭০ নম্বরকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। জীববিজ্ঞানে সামান্য পিছিয়ে থেকেও অন্য বিষয়ে ভালো নম্বর পেয়ে মেডিকেলে সুযোগ পাওয়ার বহু উদাহরণ রয়েছে। পাশাপাশি বিগত বছরের প্রশ্নব্যাংক সমাধান করে কোন অধ্যায় ও টপিক থেকে বারবার প্রশ্ন আসছে তা চিহ্নিত করার ওপর জোর দেওয়া হয়েছে। পাঁচ বছরে একটি প্রশ্ন আসা অধ্যায়ের চেয়ে প্রতিবছর একাধিক প্রশ্ন আসা অধ্যায়ের গুরুত্ব অনেক বেশি, যা অনুধাবন করাই হলো স্মার্টওয়ার্ক।

পরীক্ষার অন্তত এক সপ্তাহ আগেই সব বিষয়ের রিভিশন শেষ করে ১০০ নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার কথা বলা হয়েছে। পরীক্ষার হলে প্রথমে ১০০ শতাংশ নিশ্চিত এবং কম সময়ে উত্তর করা যায় এমন প্রশ্ন দাগানো উচিত—যেমন 'হৃৎপিণ্ডের আবরণের নাম কী?' যার উত্তর পেরিকার্ডিয়াম করতে ৫-১০ সেকেন্ড লাগে। শুরুতে গাণিতিক সমস্যায় সময় নষ্ট করা যাবে না, কারণ প্রশ্নপত্রে ভুল থাকার সম্ভাবনাও থাকে। ৫০-৫০ সম্ভাবনার ক্ষেত্রে 'এক্সক্লুশন মেথড' বা ভুল অপশন বাদ দিয়ে উত্তর বের করা যেতে পারে, তবে একদম না জানা প্রশ্ন স্কিপ করা শ্রেয়। কাটমার্ক প্রতিবছর পরিবর্তিত হলেও ৮০+ নম্বরকে নিরাপদ ধরা হয়, আবার কখনো তা ৬০-এর নিচেও নামতে পারে। তাই প্রশ্ন কঠিন হলে প্যানিক করে আন্দাজে ভুল দাগিয়ে নেগেটিভ মার্কিংয়ের ফাঁদে পড়া যাবে না।

এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে ২০০ নম্বর হিসাব করা হয়। জিপিএ কম থাকলে বা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিলে সেই ঘাটতি মেটাতে ভর্তি পরীক্ষায় অনন্য নম্বর পেতে হবে। সে ক্ষেত্রে বিকল্প ব্যাকআপ প্ল্যান হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিও সঙ্গে রাখা যেতে পারে। পরীক্ষার আগের দিন প্রয়োজনীয় কাগজপত্র, প্রবেশপত্র, কলম ও যাতায়াত পরিকল্পনা গুছিয়ে রাখতে হবে। হলে প্রশ্নপত্র হাতে পেয়েই ছেঁড়া বা অস্পষ্টতা আছে কি না যাচাই করতে হবে। 'নিচের কোনটি সত্য নয়' ধরনের প্রশ্ন পড়ার সময় সতর্ক থাকা এবং প্রতিবার বৃত্ত ভরাটের সময় প্রশ্ন ও উত্তরপত্রের ক্রমিক নম্বর মিলিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। আশপাশের পরীক্ষার্থীদের না দেখে নিজের ওপর বিশ্বাস রেখে শান্ত মস্তিষ্কে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. শাহজিয়া শাহরিন আনিকা।

পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ঘুম, সময়মতো খাবার গ্রহণ ও হালকা হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত রাত জাগলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, যা পরীক্ষার হলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে। মানসিক চাপ ও মনোযোগের ব্যাঘাত এড়াতে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে পূর্ণ বিরতি নেওয়াই শ্রেয়। সাদা অ্যাপ্রোন গায়ে জড়িয়ে স্টেথোস্কোপ গলায় নেওয়ার স্বপ্ন পূরণ করতে শেষ মুহূর্তে সঠিক কৌশল ও মানসিক স্থিরতাই সফলতার প্রধান চাবিকাঠি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo