কক্সবাজারে ট্রলার থেকে নারী-শিশুসহ ২৮ জনকে উদ্ধার

Published: November 21, 2026, 4:11 am

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে একটি ট্রলার থেকে নারী ও শিশুসহ মোট ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) এবং কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। তবে ট্রলারটি তীরে ভিড়লে পাচারকারীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজার সদর, উখিয়া ও লক্ষ্মীপুরের বাসিন্দা রয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা নাগরিকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। এক ভুক্তভোগী জানান, চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তাকে কৌশলে বোটে তোলা হয় এবং টানা ছয় দিন সাগরে ভাসিয়ে রাখা হয়। আরেক ব্যক্তি জানান, সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে মালয়েশিয়া যাওয়ার চুক্তি করেছিলেন তিনি। চার দিন আগে যাত্রা শুরুর পর থেকেই বাড়ি থেকে টাকা আনার জন্য দালালরা তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিল।

উদ্ধার হওয়া ব্যক্তিদের তালিকায় উখিয়ার রত্নাপালং এলাকার সাইফুল ইসলামের ছেলে তানজিদ ইকবাল ইমনও (১৮) রয়েছেন। তার বাবা সাইফুল জানান, গত বুধবার থেকে ছেলে নিখোঁজ থাকায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরবর্তীতে পাচারকারীরা তাকে ফোন করে মুক্তিপণের দাবি জানায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে মানবপাচার চক্রের সঙ্গে তাদের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার হওয়া এক নারী জানান, শহরে চিকিৎসা শেষে বাচ্চাসহ বাড়ি ফেরার পথে কয়েকজন লোক তাকে মালয়েশিয়ার বোটে তুলে দেয়। বোটটি ৬ দিন ধরে সাগরে ভাসতে থাকে। ৩ দিন তাদের একটি বাড়িতে আটকে রাখা হয়। এরপর আবার তাদের বোটে তোলা হয়।আরেক ব্যক্তি জানান, মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলে এক দালালের সঙ্গে সাড়ে তিন লাখ টাকায় চুক্তি করেছিলেন তিনি

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin