পোশাক খাত ঘিরে ষড়যন্ত্র ও উসকানি চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

Published: November 21, 2026, 12:15 pm

পোশাকখাতকে লক্ষ্য করে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে সতর্ক করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ শনিবার এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই অনুষ্ঠানে মক স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অনুষ্ঠানে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, দুর্নীতি, অনিয়ম ও ব্যবসায়ের খরচ নিয়ন্ত্রণসহ সব ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে। একটি টেকসই ও চৌকস প্রশাসনিক শাসনব্যবস্থা গড়ে তুলতে না পারলে দেশের কোনো সম্ভাবনাই কাজে লাগানো সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা ও কন্সপিরেসি থিউরি চলতেই থাকবে। তবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আত্মবিশ্বাস থাকলে এসব ষড়যন্ত্র তত্ত্ব খুব বেশি হালে পানি পায় না। এজন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি জরুরি। আমাদের চ্যালেঞ্জ কেবল অর্থনৈতিক নয়, রাজনৈতিকও; কারণ বারবার রাজনৈতিক অস্থিরতা এবং শাসনব্যবস্থার ভাঙা-গড়ার ফলেই দেশ পিছিয়ে পড়ছে।

একতরফা বাণিজ্য সুবিধার ওপর নির্ভরতার অভ্যাস থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে যে পরিবেশ দরকার, অতীতে সেদিকে নজর দেওয়া হয়নি। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে আমাদের উৎপাদনশীলতাকে আরও সময়োপযোগী করতে হবে। তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা সমাধানে মালিক ও শ্রমিক দুই পক্ষকে একই টেবিলে বসতে হবে। এ খাত নিয়ে ষড়যন্ত্র ও উসকানি চলতে থাকলে শিল্পটি ধ্বংসের পথে যাবে এবং এতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন শ্রমিকরাই।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা আরও তিন বছর বাড়ায় শুল্কমুক্ত সুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে বাংলাদেশ স্বস্তি পেয়েছে। তবে এই বর্ধিত সময়ে আত্মতুষ্টিতে না ভুগে দুর্বলতা কাটিয়ে প্রস্তুতি গ্রহণ করা দরকার। নানা সীমাবদ্ধতার কারণে দেশের ব্যবসায়ীরা এখনো পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেননি। গ্র্যাজুয়েশনের পর তৈরি পোশাক খাতের বড় কারখানাগুলোর তেমন অসুবিধা না হলেও মাঝারি ও ছোট কারখানাগুলো বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

কিরণ আরও সতর্ক করে বলেন, তৈরি পোশাকখাতে চলমান অস্থিরতা বজায় থাকলে আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং বিদেশি ক্রেতাদের আস্থা হারাবে। ফলে পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও বিনিয়োগে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। তবে সঠিক প্রস্তুতি নিলে এই চ্যালেঞ্জই সম্ভাবনায় রূপ নেবে। এলডিসি উত্তরণ কোনো দরজা বন্ধ হওয়ার গল্প নয়, বরং এটি বাংলাদেশের মর্যাদা বাড়াবে, ব্র্যান্ড ইমেজ উজ্জ্বল করবে, ক্রেডিট রেটিং উন্নত করবে এবং নতুন বাজার ধরার সুযোগ তৈরি করবে। তাই কেবল শুল্কসুবিধার ওপর ভরসা না করে উৎপাদনশীলতা, দক্ষতা, প্রযুক্তি, মান, উদ্ভাবন ও সুশাসনের শক্তিতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার লক্ষ্য নির্ধারণ করতে হবে।

ছায়া সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

যদি পোশাকশিল্প ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখিন হবে শ্রমিকরাই।’ সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশনের সময় আরও ৩ বছর বাড়ায় শুল্কমুক্ত সুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে স্বস্তি পেয়েছে বাংলাদেশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy